logo

ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত লেবানন

ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত লেবানন

ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছে লেবানন। তবে লেবাননের নেতারা বলছেন, আলোচনার আগে যুদ্ধবিরতি হওয়া প্রয়োজন।

এদিকে ২০০৬ সালের পর এখন পর্যন্ত লেবাননে সবচেয়ে বড় স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। শনিবার (১৪ মার্চ) আলজাজিরার খবরে বলা হয়েছে, লেবাননের শান্তি আলোচনার প্রস্তাবে কূটনৈতিক উদ্যোগের একটি পথ খুলে যেতে পারে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননসংক্রান্ত কূটনৈতিক আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিতে তার ঘনিষ্ঠ সহযোগী রন ডার্মারকে দায়িত্ব দিয়েছেন। ধারণা করা হচ্ছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে থাকতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। 

আলজাজিরা জানাচ্ছে, ইসরায়েল ও লেবাননের শান্তি আলোচনাটি সরাসরি বৈঠকের মাধ্যমে হতে পারে। স্থান হিসেবে বিবেচনায় রয়েছে প্যারিস বা সাইপ্রাস। 

কোনো কোনো সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্রান্সই শান্তি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে। এই আলোচনায় শর্ত হিসেবে থাকতে পারে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং লেবাননের পক্ষ থেকে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। তবে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের প্রস্তাবের কথা অস্বীকার করেছে।

লেবাননের কর্মকর্তারা বলেছেন, তারা সরাসরি আলোচনায় যেতে প্রস্তুত। দেশটির পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি বলেছেন, তবে যে কোনো আলোচনার আগে অবশ্যই যুদ্ধবিরতি হতে হবে। 

নাবিহ বেরি শিয়া গোষ্ঠী আমল মুভমেন্টের নেতা। গোষ্ঠীটি হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত। খবরে বলা হচ্ছে, তার এই পরিচয় আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।