লেবাননে ৬ ইসরায়েলি সেনা আহত

লেবাননে চলমান সামরিক অভিযানের মধ্যে পৃথক কয়েকটি ঘটনায় ইসরায়েলের অন্তত ৬ জন সৈন্য আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার (৩০ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে।
বিবিসির খবর জানায়, রোববার বিকেলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি অ্যান্টি ট্যাংক মিসাইল ছোড়া হয়। এতে দুজন সৈন্য গুরুতর আহত হন।
এ ছাড়া একটি ড্রোন তাদের অবস্থানের কাছে এসে পড়ার পর আরও তিন সৈন্য আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, এদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
এ ছাড়া অভিযান চলাকালীন একটি দুর্ঘটনায় আরও একজন সৈন্য আহত হয়েছেন।
ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা এবং হিজবুল্লাহর ওপর নিয়মিত হামলার প্রতিবাদে উত্তর ইসরায়েলে রকেট হামলা শুরু করে গোষ্ঠীটি। এর জবাবে ইসরায়েল লেবাননে তাদের অভিযান আরও জোরদার করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানের অংশ হিসেবে তারা দক্ষিণ লেবাননের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে।