ওমানের ভিসা নিয়ে প্রবাসীদের জন্য সুখবর

আবাসন বা রেসিডেন্সি নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে ওমান সরকার। নতুন এই নীতিমালার আওতায় বিদেশি সম্পত্তি মালিক ও বিনিয়োগকারীরা কোনো স্থানীয় স্পনসর বা ‘কফিল’ ছাড়াই দেশটিতে দীর্ঘমেয়াদি ভিসা এবং রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি পাবেন।
ওমান পুলিশ সম্প্রতি এক আদেশের মাধ্যমে প্রবাসীদের আবাসনসংক্রান্ত নির্বাহী বিধিমালায় এই সংশোধন এনেছে, যা ইতোমধ্যে দেশটির সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।
নতুন এই সংশোধনীর ফলে ওমানে জমি বা আবাসিক ফ্ল্যাট কেনা বিদেশি নাগরিকদের জন্য বসবাসের পথ আরও সহজ হলো। এমনকি যেসব সম্পত্তির নিবন্ধনপ্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সনদ সাপেক্ষে সেগুলোর বিপরীতেও ভিসা ও রেসিডেন্স পারমিট দেওয়া হবে।
এই সুবিধার আওতায় কেবল মূল ক্রেতাই নন, তার প্রথম স্তরের পরিবারের সদস্য অর্থাৎ স্ত্রী ও সন্তান এবং সম্পত্তি বা জমি কেনা করপোরেট প্রতিষ্ঠানের আইনি প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও অনিবন্ধিত কিন্তু অনুমোদিত সম্পত্তির সঙ্গে যুক্ত এই ভিসাগুলো সাধারণত ছয় মাস থেকে এক বছর মেয়াদের জন্য ইস্যু করা হবে এবং পরবর্তীতে তা নবায়নও করা যাবে। এই ভিসাধারীরা প্রতিবার ওমান সফরের সময় সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অবস্থানের সুযোগ পাবেন।
ওমান সরকার আশা করছে, এই সরলীকরণ আবাসন খাতে বৈশ্বিক বিনিয়োগকারীদের আরও বেশি উৎসাহিত করবে।
পাশাপাশি, ‘ওনার ভিসা’ বা মালিকানা সংক্রান্ত ভিসা পাওয়ার প্রক্রিয়াটিকেও বেশ সহজ করা হয়েছে। আবাসিক ইউনিটের বিদেশি মালিক এবং সম্পত্তি-মালিকানাধীন কোম্পানির অনুমোদিত প্রতিনিধিরা এখন কোনো স্থানীয় মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি এই রেসিডেন্সি সুবিধা নিতে পারবেন।
তবে শর্ত হলো, ভিসা ইস্যু হওয়ার তিন মাসের মধ্যে আবেদনকারীকে অবশ্যই ওমানে প্রবেশ করতে হবে।






