ভূমিকম্পে কাঁপল কলকাতাও

ভূমিকম্পে কেঁপে উঠল গোটা কলকাতা ও দক্ষিণবঙ্গ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২৩ মিনিটের দিকে কলকাতার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। এ খবর প্রকাশ করেছে আনন্দবাজার।
শহরের একাধিক বহুতল আবাসন, অফিসপাড়া ও বাণিজ্যিক এলাকায় কয়েক সেকেন্ডের জন্য কাঁপুনি অনুভূত হয়। আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। বিশেষ করে উঁচু ভবনগুলোতে কম্পন বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন নেটিজেনরা।
দুপুর ১টা ২২ মিনিটের দিকে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন টের পাওয়া যায়। জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের খুলনায়। পশ্চিমবঙ্গের টাকি থেকে এর দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও জোরাল কম্পন অনুভূত হয়। পশ্চিম মেদিনীপুরেও ছড়ায় আতঙ্ক। জেলা শাসকের দপ্তরের কর্মীরা কম্পন টের পেয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। বিভিন্ন বাড়ি ও আবাসন কেঁপে ওঠে। বন্ধ থাকা সিলিং ফ্যান কিছুক্ষণ দুলতে দেখা যায়।
একই অভিজ্ঞতা হয়েছে ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলাতেও। বহু মানুষ কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা নাগাদ কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেবার কম্পনের উৎপত্তিস্থল ছিল মায়ানমার। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৬।