
লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুই ঘটনায় নিহত আরও দুই ইসরায়েলি সেনার পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তারা হলেন ২১ বছর বয়সী স্টাফ সার্জেন্ট ইয়োভ ক্লেইন ও ২১ বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস নির বেন আরি।
শনিবার আইডিএফ নিহত দুই সেনার পরিচয় প্রকাশ করে।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ২ মার্চ উত্তর ইসরায়েল ও লেবানন সীমান্তে লড়াই শুরু হওয়ার পর এ পর্যন্ত ৩৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
সেনাবাহিনী জানায়, নির বেন আরি রাতের বেলায় হিজবুল্লাহর একটি বিস্ফোরকবাহী ড্রোন ও রকেট হামলায় নিহত হন। এ ঘটনায় আরও দুই সেনা গুরুতর আহত হয়েছেন। একজন কর্মকর্তা মাঝারি ধরনের এবং ১০ জন সেনা সামান্য আহত হয়েছেন।
অন্যদিকে ইয়োভ ক্লেইন ছিলেন সেই চার সেনার একজন, যারা শুক্রবার ভোরের আগে লেবাননের তেবনিত শহরে একটি ট্যাংকে হামলার ঘটনায় নিহত হন। নিহতদের মধ্যে একজনের পরিচয় ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। তিনি ছিলেন ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দোর গেদালিয়া বেন সিমহোন। বাকি দুই সেনার নাম এখনও প্রকাশ করা হয়নি।
ট্যাংকটিতে কীভাবে আঘাত হানা হয়েছিল, তা নিয়ে তদন্ত চলছে। আইডিএফ বলেছে, যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা বাতিল করা হয়েছে। এখন খতিয়ে দেখা হচ্ছে ট্যাংকটি বিস্ফোরকবাহী ড্রোন নাকি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তেবনিত এলাকায় হিজবুল্লাহর একটি বৃহৎ ভূগর্ভস্থ কমান্ড কমপ্লেক্সের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। সেখানে অবরুদ্ধ সশস্ত্র হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িত রয়েছেন ইসরায়েলি সেনারা।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র একদিন পরই দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এর আগের দিন শুক্রবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
তবে আইডিএফের দাবি, রাতভর ৫০ বারের বেশি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসব হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনী আরও অভিযোগ করেছে, হিজবুল্লাহ তেবনিত এলাকার আলি আল-তাহের রিজ অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছে। সম্প্রতি ওই এলাকা দখলের দাবি করেছে আইডিএফ। তাদের ভাষ্য অনুযায়ী, পাহাড়ি ওই অঞ্চলের নিচ দিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ পরিচালনা করছে হিজবুল্লাহ।
আইডিএফ আরও জানিয়েছে, তাদের বাহিনী বর্তমানে লেবাননের অভ্যন্তরে প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে। উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী বসতিগুলোকে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে দূরে রাখতে এই অগ্রযাত্রা প্রয়োজন ছিল বলে দাবি করেছে তারা।