বিশ্ববাজারে স্বর্ণের দাম কে নিয়ন্ত্রণ করে?

বিশ্ববাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক সময়ে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। গত কয়েক মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মূল্যবান এই ধাতুর দাম আবারও নিম্নমুখী হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধি, বন্ডের মুনাফা (ইল্ড) বেড়ে যাওয়া এবং ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দরপতনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গত ২৩ অক্টোবর জুলাইয়ের পর প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে আসে। পরে কিছুটা পুনরুদ্ধার হলেও বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ৩০ ডলারের কাছাকাছি রয়েছে। গত এক মাসে দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। আর গত ২৮ জানুয়ারি গড়া ৫ হাজার ৫৯৫ ডলারের রেকর্ড উচ্চতা থেকে স্বর্ণের দাম প্রায় ২৮ শতাংশ কমেছে। এর আগে ২০২৫ সালে ৬৪ শতাংশ মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে স্বর্ণ এই রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
স্বর্ণের দাম কমার পেছনে ফেডের ভূমিকা
স্বর্ণের সাম্প্রতিক দরপতনের অন্যতম কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের বন্ড মার্কেটকে দায়ী করছেন বিশ্লেষকেরা। চলতি সপ্তাহের বৈঠকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর থেকে সুদের হার স্থির থাকার পর গত সেপ্টেম্বরে তা ০.২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানো হয়েছিল।
মর্নিংস্টারের মার্কিন অর্থনীতিবিদ প্রেস্টন ক্যাল্ডওয়েলের মতে, ফেড আপাতত সুদের হার না বাড়ালেও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের পদক্ষেপ এখনও শেষ হয়নি।
বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছর পর্যন্ত ফেড আরও তিন দফায় মোট ০.৭৫ শতাংশীয় পয়েন্ট সুদের হার বাড়াতে পারে।
টি. রো প্রাইসের কমোডিটি বিভাগের প্রধান রিক ডি লস রেয়েসের মতে, উচ্চ সুদের হার স্বর্ণের দাম কমার অন্যতম প্রধান কারণ। সাধারণত স্বর্ণ ও প্রচলিত মুদ্রার মধ্যে বিপরীতমুখী প্রবণতা দেখা যায়। প্রকৃত সুদের হার বাড়লে ডলারে বিনিয়োগের আকর্ষণ বাড়ে, ফলে স্বর্ণের তুলনায় ডলার শক্তিশালী হয়ে ওঠে।
তিনি বলেন, স্বর্ণ দীর্ঘমেয়াদে সম্পদের মূল্য ধরে রাখতে সহায়তা করলেও এটি থেকে বিনিয়োগকারীরা কোনো সুদ পান না। ফলে সুদের হার বাড়লে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমতে পারে।
ক্রেডিট মিউচুয়াল এএমের পোর্টফোলিও ম্যানেজার শার্লট পিউরনের ব্যাখ্যা, মূল্যস্ফীতির প্রত্যাশার তুলনায় দীর্ঘমেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড দ্রুত বাড়ছে। এতে প্রকৃত সুদের হার আরও বেড়ে যাচ্ছে। পাশাপাশি ডলারের অস্থিরতাও স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে।
তার আশঙ্কা, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত, জ্বালানির মূল্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে আগামী কয়েক মাস বিশ্ববাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।
জুপিটার গোল্ড অ্যান্ড সিলভার ফান্ডের পরিচালক নেড নেইলর-লেল্যান্ডও মনে করেন, স্বল্পমেয়াদি প্রকৃত সুদের হার বৃদ্ধির কারণে হেজ ফান্ড ও বিভিন্ন ট্রেডার স্বর্ণ থেকে বিনিয়োগ সরিয়ে নিয়েছেন।
স্বর্ণের বাজারে বিনিয়োগকারীদের অবস্থান
মর্নিংস্টারের তথ্য অনুযায়ী, চলতি বছর বৈশ্বিক গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের ওঠানামা হয়েছে।
বছরের শুরুতে জানুয়ারিতে এসব ফান্ডে নিট ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ এলেও মার্চে বিনিয়োগকারীরা ১২ দশমিক ৭ বিলিয়ন ডলার তুলে নেন। এটি ২০২৬ সালের সর্বোচ্চ মাসিক অর্থ উত্তোলনের ঘটনা। সব মিলিয়ে বছরের প্রথম ছয় মাসে স্বর্ণভিত্তিক ইটিএফ থেকে নিট ৪ বিলিয়ন ডলার বেরিয়ে যায়।
তবে আগস্টে পরিস্থিতি বদলে যায়। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি এবং মার্কিন ট্রেজারি বিভাগের ১৯ আগস্ট দীর্ঘমেয়াদি বন্ড কেনার পরিমাণ দ্বিগুণ করার ঘোষণার পর ডলারের অবমূল্যায়নের আশঙ্কা তৈরি হয়। এর ফলে ওই মাসে স্বর্ণভিত্তিক ইটিএফে রেকর্ড ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগ আসে।
সেপ্টেম্বরে আরও ব্যতিক্রমী পরিস্থিতি দেখা যায়। ওই মাসে স্বর্ণের দাম ৮ শতাংশের বেশি কমে যাওয়ার পাশাপাশি ফেড সুদের হার বাড়ালেও ইটিএফে বিনিয়োগকারীরা নতুন করে ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেন।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) ঘটনাটিকে অত্যন্ত অস্বাভাবিক হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির তথ্যমতে, সেপ্টেম্বরে বৈশ্বিক গোল্ড ইটিএফের মজুত ৭০ টনের বেশি বাড়লেও ফিউচার মার্কেটে ব্যাপক বিক্রির চাপের কারণে স্বর্ণের দাম কমে যায়।
গয়নায় স্বর্ণের চাহিদাও কমেছে
শুধু বিনিয়োগ নয়, সরাসরি স্বর্ণ কেনার ক্ষেত্রেও চাহিদা কমেছে। ডব্লিউজির তথ্য অনুযায়ী, উচ্চমূল্যের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্ববাজারে গয়না তৈরিতে স্বর্ণের চাহিদা কমে ২৭৮ টনে দাঁড়িয়েছে। মহামারির পর এটিই সর্বনিম্ন পর্যায়। গত বছরের একই সময়ের তুলনায় চাহিদা কমেছে ১৭ শতাংশ।
ভারতে স্বর্ণের গয়নার চাহিদা কমেছে ৬ শতাংশ। ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা কি দাম নির্ধারণ করে?
বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা দীর্ঘমেয়াদে বাজারের চাহিদা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে চলতি বছর এ প্রবণতায় কিছুটা মন্থরতা দেখা গেছে।
ডব্লিউজির তথ্যমতে, তুরস্ক, রাশিয়া ও আজারবাইজানের বড় পরিসরে স্বর্ণ বিক্রির কারণে বছরের প্রথমার্ধে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৩৪৫ টন স্বর্ণ কিনেছে। ২০২২ সালের পর এটিই প্রথম ছয় মাসের সর্বনিম্ন ক্রয়ের পরিমাণ। তবে আগস্টে চীন, উজবেকিস্তান ও পোল্যান্ডের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকগুলো নতুন করে ৩৯ টন স্বর্ণ কেনে।
ডব্লিউজির ২০২৬ সালের জরিপে অংশ নেওয়া ৭৬টি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ৮৯ শতাংশ মনে করে, আগামী ১২ মাসে বিশ্বব্যাপী স্বর্ণের রিজার্ভ আরও বাড়বে।
রিক ডি লস রেয়েসের মতে, চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণের অংশ এখনও ১০ শতাংশের কম। অথচ উন্নত অর্থনীতির দেশগুলোতে এই হার প্রায় ৩০ শতাংশ। ফলে ভবিষ্যতেও কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা বাজারের চাহিদা বাড়িয়ে রাখতে পারে।
তবে এ বিষয়ে ভিন্নমত রয়েছে নেড নেইলর-লেল্যান্ডের। তার মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনাবেচার সঙ্গে বাজারদরের সরাসরি সম্পর্ক নেই। কারণ, প্রতিদিন বিশ্ববাজারে প্রায় ৫০০ বিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন ডলারের স্বর্ণ লেনদেন হয়।
তার ব্যাখ্যা, স্বর্ণের দাম মূলত সরাসরি স্বর্ণ কেনাবেচার পরিবর্তে সিন্থেটিক ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) চুক্তি ও আর্থিক লেনদেনের মাধ্যমে নির্ধারিত হয়।
সব মিলিয়ে সুদের হার, বন্ডের ইল্ড, ডলারের অবস্থান, বিনিয়োগকারীদের মনোভাব এবং ভূরাজনৈতিক পরিস্থিতি; এসব বিষয় একসঙ্গে বিশ্ববাজারে স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখছে।



