সপ্তাহ পেরোলেও কেন এখনও প্রকাশ্যে আসেননি মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশে করতেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আহত হওয়ার পর ‘মারা গেছেন’ বলে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবি জোরালো হয়, যখন তিনি সুপ্রিম লিডার হিসেবে প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা, সেসময়ও প্রকাশে দেখা যায়নি তাকে।
বাবার স্থলাভিষিক্ত হওয়ার সপ্তাহ পেরোলেও তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় ভূরাজনীতিতেও প্রভাব পড়ছে। তবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘাই এসব জল্পনা উড়িয়ে দিয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে তাকে বলতে শোনা যায়, ‘তিনি (মোজতবা খামেনি) ভালো আছেন’ এবং শিগগিরিই জনসাধারণের উদ্দেশে বার্তা দেবেনে।
তারপরেও মোজতবার বেঁচে থাকার বিষয় নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছেই। এরমধ্যেই আরও একটি তথ্য প্রকাশ্যে এসেছে যে, মোজতবার চিকিৎসা চলছে রাশিয়ায়। হামলার পরপরই তাকে নিয়ে যাওয়া হয় মস্কোয়।
কুয়েতি সংবাদমাধ্যম আল-জারিদারের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোজতবার চিকিৎসার বিষয়ে কথা বলেছেন। পুতিন ‘ব্যক্তিগতভাবে’ মোজতবার চিকিৎসার প্রস্তাব দিয়েছেন বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তাকে রাশিয়ার সেনাবাহিনীল বিমানে করে গত বৃহস্পতিবার মস্কোয় নিয়ে যাওয়া হয়েছে বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়।
এদিকে চলমান সংঘাতকে বাঘাই ‘অপপ্রচার ও অযৌক্তিক আগ্রাসন’ বলে বর্ণনা করে জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার সময় ইরান আলোচনার টেবিলে ছিল। তিনি বলেন, ‘আমরা আলোচনা করছিলাম। ইরানিরা তাদের মাতৃভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং আমরা এখন সেটাই করছি।’
হরমুজ প্রণালি প্রসঙ্গে বাঘাই বলেছেন, এই অঞ্চলে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে তার দায় ইরানের নয়, এটি চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলোর জাহাজকে নিরপেক্ষ বলে গণ্য করা যায় না। তাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রচেষ্টায় সহায়তাকারী কোনো জাহাজকে প্রণালি পার হতে দেওয়া হবে না।
তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইরান ভিন্ন অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র নিশ্চিত করেছেন, একটি ভারতীয় জাহাজকে প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং সেটি ইতোমধ্যে ভারতে পৌঁছেছে। তিনি বলেন, ‘আমরা ভারতের খুব ঘনিষ্ঠ এবং এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই।’
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে মোজতবা খামেনির নাম। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতার দ্বিতীয় সন্তান। দেশটির ৮৮ জন ধর্মীয় বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ ভোটাভুটির মাধ্যমে মোজতবা খামেনিকে এই পদে নির্বাচিত করে।
সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। আয়াতুল্লাহ আলী খামেনির সময়ও তাকে প্রকাশ্যে দেখা যায়নি। যদিও অনেকেই তাকে ‘নিভৃতচারী’ ব্যক্তিত্ব বলে অভিহিত করে থাকেন।