logo

পারমাণবিক জ্বালানি সংরক্ষণাগারে রাশিয়ার হামলা, তেজস্ক্রিয়তার ঝুঁকি কেমন?

পারমাণবিক জ্বালানি সংরক্ষণাগারে রাশিয়ার হামলা, তেজস্ক্রিয়তার ঝুঁকি কেমন?
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একটি পারমাণবিক জ্বালানি সংরক্ষণাগারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সংরক্ষণাগারটি পরিত্যক্ত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে অবস্থিত। হামলাটি ইরানের তৈরি একটি ‘শাহেদ’ ড্রোন দিয়ে চালানো হয়। এতে সংরক্ষণাগারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, হামলার সময় ভবনটি কনটেইনারশূন্য থাকায় বড় কোনো বিপর্যয় ঘটেনি এবং কোনো কর্মী আহত হননি।

রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘এনারগোঅ্যাটম’ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, হামলার পরও ওই এলাকার তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। আইএইএ-র বিশেষজ্ঞরা দ্রুতই ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে ইচ্ছাকৃত এবং ‘অত্যন্ত জঘন্য’ হামলা হিসেবে বর্ণনা করেছেন। রোববার (৭ জুন) ভোরে ঘটা এই হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এখনো তেজস্ক্রিয়তার সীমা অতিক্রম করেনি ঠিকই, তবে এই হামলার মাধ্যমে রাশিয়ার আকাশচুম্বী ঔদ্ধত্য স্পষ্ট হয়েছে।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, পারমাণবিক স্থাপনাগুলোকে ঝুঁকির মধ্যে ফেলা রাশিয়ার একটি পদ্ধতিগত ও ইচ্ছাকৃত ব্ল্যাকমেল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ১৯৮৬ সালের ঐতিহাসিক পারমাণবিক দুর্ঘটনার স্থান চেরনোবিল থেকে মাত্র ৯ মাইল দূরে এই জ্বালানি সংরক্ষণ কেন্দ্রটি অবস্থিত।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইউক্রেনের ৫০০টি ড্রোন ভূপাতিত করেছে। তবে চেরনোবিল স্থাপনায় হামলার বিষয়ে ক্রেমলিন এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই চলমান সংঘাত নিয়ে আলোচনা করতে লন্ডনে এক শীর্ষ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং জার্মানির ফ্রিডরিখ মের্জের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে জেলেনস্কির।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে চলমান দূরপাল্লার বিমান হামলার অংশ হিসেবেই এই সংবেদনশীল স্থানটিকে লক্ষ্যবস্তু করেছে মস্কো। এর ঠিক আগের দিন ইউক্রেনও রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ঐতিহাসিক নৌশহর ক্রোনস্টাডকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা চালায়।