logo

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের বিবৃতি

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের বিবৃতি

পাকিস্তানের মধ্যস্থতায় শেষ মুহূর্তে ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের হামলা দুই সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুক্ষণ পরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে তেহরান। 

ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ বিবৃতিতে জানায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সরাসরি অনুমোদনেই এই যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখেই পরবর্তী দফার আলোচনা ইসলামাবাদে বসবে ইরান। 

এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে অভিহিত করে শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে বলা হয়, আমাদের হাতের আঙুল এখনও ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুল বা বিচ্যুতির মোক্ষম জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে। 

ইরানি জনগণের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, এই সময়ে জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি। আলোচনা মূলত যুদ্ধক্ষেত্রেরই একটি ধারাবাহিকতা এবং এটি সরাসরি ‘বিপ্লবী নেতৃত্ব’ ও ‘ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ের’ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আগামী দুই সপ্তাহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোর ‘নিরাপদ যাতায়াত’ সম্ভব হবে। সেক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে এবং কিছু কারিগরি সীমাবদ্ধতার বিষয় মাথায় রাখতে হবে।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন।

তিনি লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিতে রাজি হয়েছি। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে—ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। সূত্র: আল জাজিরা