ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্রের আরেক রাজ্য

ইসলাম ধর্মালম্বীদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এর মাধ্যমে ওয়াশিংটনের পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া এই ঐতিহাসিক পদক্ষেপ নিল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্য নিউ আররেব প্রতিবেদনে বলা হয়, রাজ্য বিধানসভার সদস্য ম্যাট হানির প্রণীত ‘বিধানসভা বিল ২০১৭’ (এবি ২০১৭) ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম স্বাক্ষর করার পর এটি আইনে পরিণত হয়েছে।
নতুন এই আইন অনুযায়ী, এখন থেকে ক্যালিফোর্নিয়া সরকারের অধীনে কর্মরত কর্মীরা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা তাদের অর্জিত বা ব্যক্তিগত ছুটি ব্যবহার করে পবিত্র দুই ঈদ পালন করতে পারবেন।
এ ছাড়া নতুন আইনটি অনুযায়ী, অঙ্গরাজ্যটির কে-১২ (নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি) পর্যায়ের স্কুল ও কমিউনিটি কলেজগুলোও ঈদের দিন ছুটি ঘোষণা করতে পারবে। তবে স্কুলে ছুটির বিষয়টি স্থানীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য, শহর ও পৃথক স্কুল ডিস্ট্রিক্ট নিজস্ব উদ্যোগে ঈদের দিন ছুটি দিলেও রাজ্যব্যাপী আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটির ঘোষণা ছিল না। ২০২৫ সালে প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে ওয়াশিংটন ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে রাজ্য ছুটির স্বীকৃতি দিয়েছিল।
ঈদুল ফিতর পালিত হয় পবিত্র রমজান মাসের মাসব্যাপী সিয়াম সাধনার শেষে। অন্যদিকে হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মরণে ও মহান আল্লাহর প্রতি তার আনুগত্যকে স্মরণ করে পালিত হয় ঈদুল আজহা। মুসলিম বর্ষপঞ্জির অন্যতম বড় এই উৎসবটির মাধ্যমে মক্কায় অনুষ্ঠিত পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।
ক্যালিফোর্নিয়া রাজ্যের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে মুসলিম স্বাধিকার রক্ষা সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর-সিএ)। সংগঠনটি জানায়, এই বিল পাসের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার প্রায় ১০ লাখের বেশি মুসলিম বাসিন্দার দীর্ঘদিনের একটি জটিল সমস্যার সমাধান হলো।
সংগঠনটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ক্যালিফোর্নিয়ার মুসলিম শিক্ষার্থী ও চাকরিজীবীদের ধর্মীয় উৎসব পালন করা অথবা পড়াশোনা ও পেশাগত কাজে পিছিয়ে পড়ার মধ্যে একটিকে বেছে নিতে হতো। ‘এবি ২০১৭’ পাস হওয়ায় এই বৈষম্য ও বাধা দূর হলো।
যুক্তরাষ্ট্রে যখন ইসলামোফোবিয়া বা ইসলামবিদ্বেষ উদ্বেগজনক হারে বাড়ছে, ঠিক তখনই এই যুগান্তকারী আইনটি পাস করা হলো। সিএআইআর-সিএ পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের মে-জুলাইয়ের তুলনা চলতি বছরের একই সময়ে ইসলামিক স্থাপনা লক্ষ্য করে বিদ্বেষমূলক অপরাধের ঘটনা প্রায় ১৮৩ শতাংশ বেড়েছে।

