২০২৭ সালে বাংলাদেশ সফরে আসতে চান আইশোস্পিড

বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র। বিশ্বজুড়ে তিনি আইশোস্পিড নামে পরিচিত। বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণের লক্ষ্য পূরণের অংশ হিসেবে ২০২৭ সালে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তিনি।
লাইফ ম্যাগাজিনের পুনঃপ্রকাশিত সংস্করণের জন্য দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভ্রমণের পরিকল্পনার কথা জানান জনপ্রিয় এই ইউটিউবার। তবে তিনি এখনও বাংলাদেশের আসার নির্দিষ্ট তারিখ বা ঢাকা সফরের কোনো পরিকল্পনা জানাননি।
সাক্ষাৎকারে আইশোস্পিড বলেন, ‘আগামী বছর ভারত, বাংলাদেশ, নেপাল ও কাজাখস্তানের মতো দেশে যাওয়ার জন্য মুখিয়ে আছি। এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশে গিয়েছি। আমার লক্ষ্য বিশ্বের প্রতিটি দেশে যাওয়া। আশা করছি, দুই বছরের মধ্যে সেই লক্ষ্য পূরণ করতে পারব।’
বাংলাদেশি ভক্তরা কিছুদনি ধরেই তাকে বাংলাদেশে আসার অনুরোধ জানিয়ে আসছেন। ২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত লাইভস্ট্রিমের ক্লিপে দেখা যায়, এক বাংলাদেশি দর্শকের অনুরোধের পর আইশোস্পিড পরের বছর বাংলাদেশে আসার কথা বলেছিলেন।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে একটি লাইভস্ট্রিমে তাকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি উপহার দেওয়া হয়। এরপর থেকে তিনি বাংলাদেশি অনুসারীদের শুভেচ্ছা জানিয়ে আসছেন। ২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত আরেকটি ক্লিপে তাকে রাজশাহীর এক ভক্তের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিতে দেখা যায়। তবে ওই ভক্ত তাকে হাসাতে না পারায় তিনি বিষয়টি এড়িয়ে যান।
ইউটিউবে গেম খেলার সময় উচ্চস্বরে প্রতিক্রিয়া জানানো এবং ফুটবলবিষয়ক কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পান আইশোস্পিড। তার জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রেখেছে পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তার অনুরাগও। রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদ্যাপন অনুকরণ করে সেটিকে নিজের ট্রেডমার্কে পরিণত করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপক পরিচিতি পায়।
বিভিন্ন ব্যতিক্রমী কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকেন আইশোস্পিড। ২০২৬ সালের নভেম্বরে একটানা প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিটের ম্যারাথন লাইভস্ট্রিমে ঘুম না গিয়ে ‘জিটিএ ৬’-এর মূল কাহিনি শেষ করে আলোচনায় আসেন তিনি।
(2)-6182f1.jpg)


