logo

আফগানিস্তানে ভূমিকম্প অনুভূত, কাঁপল পাকিস্তানও 

আফগানিস্তানে ভূমিকম্প অনুভূত, কাঁপল পাকিস্তানও 

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বড় একটি অংশ।

শনিবার (১৮ এপ্রিল) পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) তথ্য অনুযায়ী, সকালের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ আফগানিস্তানের হিন্দু কুশ পর্বত অঞ্চলে।

পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৯৯ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছে। এর প্রভাবে ইসলামাবাদের পাশাপাশি পেশোয়ার, রাওয়ালপিন্ডি, সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান এবং চিত্রালেও তীব্র কম্পন অনুভূত হয়। 

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারত ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। গত কয়েক দশকে দেশটি একাধিক ভূমিকম্পের সম্মুখীন হয়েছে।

চলতি মাসের শুরুর দিকেও ইসলামাবাদ, পাঞ্জাব, কেপি, গিলগিট-বালতিস্তান (জিবি) এবং আজাদ জম্মু ও কাশ্মীরে (এজেক) ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পিএমডি জানিয়েছিল, ওই ভূমিকম্পটিও আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে ১৯০ কিমি গভীরতায় উৎপন্ন হয়েছিল।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ইসলামাবাদ, সোয়াত এবং হুনজায় আঘাত হানে। ২০০৫ সালে আজাদ কাশ্মীরে ভয়াবহ এক ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছিলেন। ২০২১ সালে বেলুচিস্তানের হারনাই অঞ্চলে ভূমিকম্পে ২০ জন মারা যান হন এবং ভূমিধসের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছিল।