logo

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করল ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করল ইরান

বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ যে সংকীর্ণ জলপথ দিয়ে যাতায়াত করে, সেই হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন ‘অ্যাসপিডিস’-এর এক কর্মকর্তার দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ভিএইচএফ বার্তার মাধ্যমে জাহাজগুলোকে জানিয়েছে—হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

শনিবার রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বিভিন্ন বাণিজ্যিক জাহাজ এই বার্তা পেয়েছে। তবে তেহরান আনুষ্ঠানিকভাবে প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্য এখনো মেলেনি।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। সৌদি আরব, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় প্রধান তেল উৎপাদক দেশগুলোর জ্বালানি রপ্তানির প্রধান পথ এটি। ফলে এ পথে যেকোনো বাধা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের দামে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।

ইরান অতীতে একাধিকবার হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়েছে, বিশেষ করে সামরিক বা রাজনৈতিক উত্তেজনার সময়। সাম্প্রতিক পরিস্থিতিতে এমন বার্তা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র : রয়টার্স