গ্রিনকার্ড প্রত্যাশীদের জন্য নতুন নিয়ম ঘোষণা যুক্তরাষ্ট্রের

গ্রিনকার্ডের আবেদন করতে চাইলে আগে নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো বিদেশি গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারবেন না।
শুক্রবার (২৩ মে) প্রকাশিত এক নীতিগত স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।
আগে শিক্ষার্থী, পর্যটক বা ওয়ার্কিং ভিসায় যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা দেশটি ত্যাগ না করেই গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারতেন। ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ নামে পরিচিত এই প্রক্রিয়াটি সহজ ও সুবিধাজনক ছিল। তবে নতুন নির্দেশনার কারণে এই নিয়মে এবার পরিবর্তন এলো।
ইউএসসিআইএসের তত্ত্বাবধায়ক সংস্থা, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিনকার্ড পেতে চান, তাহলে তাকে নিজ দেশের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সংস্থাটি বলছে, নতুন এই নীতির ফলে অভিবাসন ব্যবস্থায় থাকা ‘ফাঁকফোকর’ বন্ধ হবে এবং অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তিতে সংস্থার সক্ষমতা বাড়বে। তবে বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রমী ছাড় দেওয়ার সুযোগ থাকবে কি না, তা কেসভিত্তিক বিবেচনা করা হবে।
An alien who is in the U.S. temporarily and wants a Green Card must return to their home country to apply.
— Homeland Security (@DHSgov) May 22, 2026
This policy allows our immigration system to function as the law intended instead of incentivizing loopholes.
The era of abusing our nation’s immigration system is over. https://t.co/ofyEYGPDLC
বিদ্যমান অভিবাসন আইন ও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, স্থায়ী বৈধ মর্যাদা পেতে আবেদনকারী বিদেশিদের সাধারণত নিজ দেশের বাইরে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কনস্যুলার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
ইউএসসিআইএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিদেশি এই বিশেষ সুবিধা পাওয়ার যোগ্য কি না, তা নির্ধারণের সময় কর্মকর্তারা প্রতিটি মামলার সব তথ্য ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করবেন।
সংস্থাটির মুখপাত্র জ্যাক কাহলার বলেছেন, এই পদক্ষেপের ফলে বসবাসের অনুমতি না পেয়ে আত্মগোপনে থাকা ও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ব্যক্তিদের আলাদা করে খুঁজে বের করার বাড়তি প্রচেষ্টা কমবে। এ ছাড়াও এই প্রক্রিয়াটি ইউএসসিআইএসের ওপর কাজের চাপ কমাবে। সংস্থাটিকে মানবিক মামলা ও নাগরিকত্বের আবেদনসহ অন্যান্য অভিবাসন অগ্রাধিকারের বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার সুযোগ করে দেবে।
সূত্র: রয়টার্স
.png)






