logo

যৌথ সামরিক মহড়া চালাচ্ছে চীন-কম্বোডিয়া

যৌথ সামরিক মহড়া চালাচ্ছে চীন-কম্বোডিয়া
রিয়াম বন্দরে শুরু হওয়া সামরিক মহড়ার একটি অংশ। ছবি: এক্স থেকে নেওয়া

‘শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতা’ প্রতিপাদ্যে কম্বোডিয়ায় শুরু হয়েছে চীন ও কম্বোডিয়ার যৌথ সামরিক মহড়া ‘গোল্ডেন ড্রাগন-২০২৬’। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মহড়া। বুধবার (২৫ নভেম্বর) দেশটির রিয়াম বন্দরে অবস্থিত ‘কম্বোডিয়া-চীন যৌথ সহায়তা ও প্রশিক্ষণ কেন্দ্রে’ এ মহড়া শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের অংশগ্রহণকারী সামরিক কর্মকর্তা ও সেনারা উপস্থিত ছিলেন। এ ছাড়া কম্বোডিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশেরাও অনুষ্ঠানে অংশ নেন।

Advertisement

চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, ‘গোল্ডেন ড্রাগন-২০২৬’ নামের এ যৌথ মহড়া আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে মূলত যৌথ সন্ত্রাসবিরোধী ও জলদস্যুবিরোধী অভিযান এবং মানবিক ত্রাণ কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হবে।

মহড়াটি সমুদ্র-আকাশ এবং স্থল-আকাশ-এই দুই ধারায় পরিচালিত হচ্ছে। তিনটি পর্যায়ে এটি সম্পন্ন হবে। পর্যায়গুলো হলো অভিযোজনমূলক প্রশিক্ষণ, সামরিক নেতৃত্ব ও কৌশলগত মহড়া এবং সরাসরি সেনাদের অংশগ্রহণে পূর্ণাঙ্গ মহড়া।

মহড়ায় আক্রমণ ও উদ্ধার অভিযান, চিকিৎসাসেবা ও আহতদের স্থানান্তর, যৌথ সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং জাহাজে প্রবেশ করে তল্লাশি ও জব্দ করার মতো অভিযান অন্তর্ভুক্ত রয়েছে।

সিহানুক আন্তর্জাতিক বিমানবন্দর, রিয়াম বন্দর এবং সম্মিলিত সামরিক কর্মকর্তা প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসব মহড়া হবে।

চীন ও কম্বোডিয়ার মধ্যে ‘গোল্ডেন ড্রাগন’ সিরিজের যৌথ সামরিক মহড়া এর আগে সাতবার অনুষ্ঠিত হয়েছে। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এবারের মহড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে আয়োজন করা হয়নি। এ ছাড়া এর সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি বা কোনো সংবেদনশীল বিষয়েরও সম্পর্ক নেই।

সূত্র: সিএমজি