রাতের মধ্যে লেবাননে যুদ্ধবিরতি, দাবি ইসরায়েলি মিডিয়ার

যুক্তরাষ্ট্রের চাপের মুখে লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। যুদ্ধবিরতির মেয়াদকাল এক সপ্তাহ পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২।
আইডিএফ কর্মকর্তাদের বরাতে ইসরায়েলের বামপন্থি সংবাদমাধ্যম হারেৎজও একই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় (বাংরাদেশ সময় রাত ১০টা) ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে।
আউডিএফের উচ্চপদস্থ কমান্ডারদের দক্ষিণ লেবাননে বর্তমানে মোতায়েন থাকা বাহিনীকে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাতর মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি শুরু হবে।
চ্যানেল ১২ ঊর্ধ্বতন ইসরায়েলি রাজনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, চাপের মুখে যুদ্ধবিরতি অনিবার্য হয়ে উঠতে পারে বলে লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য বুধবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক করেছে। আমাদের মূল্যায়ন হলো, কয়েক দিনের মধ্যেই লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি আরোপ করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।
সূত্রটি আরও জানায়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এক সপ্তাহের জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হতে চাপ দিচ্ছে। ওয়াশিংটনের প্রত্যাশা, এই পদক্ষেপটি ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্র-সমর্থিত আলোচনায় এবং সেখানে যুদ্ধ শেষ করার জন্য ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় সহায়তা করবে।
হিজবুল্লাহ ও লেবানন সরকারের সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা চলছে। ওয়াশিংটনে একটি ঐতিহাসিক ইসরায়েল-লেবানন বৈঠকের একদিন পর ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের মধ্যে হিজবুল্লাহর ইসরায়েলে হামলা শুরু করার ছয় সপ্তাহ পর এই খবরগুলো আসে। এর জবাবে ইসরায়েল কঠোর সামরিক জবাব দিয়েছিল।
একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র চ্যানেল ১২-কে জানিয়েছে, ওয়াশিংটন হিজবুল্লাহর সঙ্গে সংঘাত কমাতে চাইলেও, তারা ইসরায়েলি উদ্বেগের প্রতিও সহানুভূতিশীল এবং একারণে এক সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এতে করে, এই সময়ের মধ্যে আরও জোরালো কোনো চুক্তি না হলে পুনরায় লড়াইয়ে ফেরার বিকল্পটিও খোলা রাখা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতিতে রাজি হতে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার কথা অস্বীকার করেছে।
একজন মার্কিন কর্মকর্তা এক বিবৃতি জানান, এটি এমন কিছু নয় যা আমরা চেয়েছি, কিংবা এটি ইরানের সঙ্গে শান্তি আলোচনারও অংশ নয়, কিন্তু ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে প্রেসিডেন্ট লেবাননে শত্রুতার অবসানকে স্বাগত জানাবেন।
বিষয়টি সম্পর্কে অবগত দুজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে চ্যানেল ১২ পরে জানায়, বুধবার রাতের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
বুধবারও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই অব্যাহত ছিল। আইডিএফ জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট হামলায় আইডিএফের পাঁচজন সৈন্য আহত হয়েছেন। আহত সৈন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
এদিন দক্ষিণ লেবানন সফরকালে আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, তিনি লেবানন ও ইরান উভয়ের জন্য নতুন যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করেছেন এবং লিতানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননকে ‘হিজবুল্লাহ যোদ্ধাদের জন্য হত্যা অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছেন।