ইরানের হামলায় সৌদিতে বাংলাদেশিসহ নিহত ২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে দুজন প্রবাসী নিহত হয়েছেন। তাদের একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয়।
সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি রোববার (৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের একটি আবাসিক ভবনে হামলা চালায় ইরান। এতে আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল-খার্জে দুজন নিহত হওয়ার কথা জানা গেল।
গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার শিকার হয়।
এ ছাড়া সৌদি আরবে একটি মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় আহত আরও এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে নিশ্চত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাতজন মার্কিন সেনার মৃত্যু নিশ্চিত করেছে সেন্টকম।