logo

হামলার পর কেমন আছেন ইরানের প্রেসিডেন্ট

হামলার পর কেমন আছেন ইরানের প্রেসিডেন্ট

মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরানের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমতাবস্থায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদ এবং সুস্থ আছেন, তার কোনো সমস্যা নেই।’ এই তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। একই ধরনের বার্তা প্রকাশ করেছে সংবাদ সংস্থা মেহের ও আইএসএনএ।

ইসলামিক প্রজাতন্ত্রের ভেতরে ও বাইরে সাম্প্রতিক হামলা ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবরের মধ্যে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

তবে সরকারি সূত্রের এই বিবৃতি পরিস্থিতি কিছুটা পরিষ্কার করেছে। এখনও পর্যন্ত হামলায় রাজনৈতিক নেতৃত্বের সরাসরি ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে মার্কিন-ইসরায়েলের হামলার আগেই রাজধানী তেহরান ছেড়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তাকে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে।

ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে নেই। তাকে ‘নিরাপদ স্থানে’ স্থানান্তর করা হয়েছে।