logo

মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর

ডেইলি স্টার
ডেইলি স্টার
মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর
মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকরা। ছবি: হিউম্যান রিসোর্স অনলাইন

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীদের জন্য ন্যূনতম বেতন বাড়ানোর প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে দেশটিতে। বর্তমানে শ্রমিকদের ন্যূনতম বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত (প্রায় ৫১ হাজার টাকা) থেকে বাড়িয়ে ২ হাজার (প্রায় ৬০ হাজার টাকা) রিঙ্গিত করার প্রস্তাব বিবেচনা করছে মালয়েশিয়া সরকার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জোহর রাজ্যের ক্লুয়াং জেলা পুলিশ সদর দপ্তর (আইপিডি) কোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী আকমল নাসরুল্লাহ মোহাম্মদ নাসির।

তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্টার।

এ সময় তিনি আরও বলেন, শ্রমিকদের কল্যাণের পাশাপাশি ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতাও বিবেচনায় নেওয়া হচ্ছে। ফলে বেতন বাড়ানোর সিদ্ধান্ত এমনভাবে বাস্তবায়ন করতে চায় সরকার, যাতে শ্রমিক ও নিয়োগকর্তা দুই পক্ষের ওপরই ভারসাম্য থাকে।

আকমল নাসরুল্লাহ বলেন, ‘আমরা বিভিন্ন দিক বিবেচনা করছি এবং বাস্তবায়নের মধ্যে কীভাবে ভারসাম্য আনা যায়, তা খতিয়ে দেখছি। যাতে একদিকে আমরা আমাদের কর্মীদের দেখভাল অব্যাহত রাখতে পারি, অন্যদিকে নিয়োগকর্তাদের, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা ও এমএসএমইগুলোর স্থায়িত্বও নিশ্চিত করতে পারি।’

তিনি বলেন, ন্যূনতম মজুরিতে যে কোনো সমন্বয়ের বিষয় বিবেচনার সময় সরকার নিয়োগকর্তাদের বিভিন্ন অংশের বিষয়টিও আমলে নিচ্ছে। মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার সম্ভাব্য সিদ্ধান্তের ঘোষণা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ২০২৭ সালের বাজেট পেশের সময় দেওয়ার জন্য ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে ন্যূনতম বেতনে থাকা বিদেশি শ্রমিকদের আয়ও বাড়তে পারে। তবে কোন খাতে, কোন শ্রমিকের জন্য এবং কবে থেকে নতুন হার কার্যকর হবে, সেটি চূড়ান্ত সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এদিকে, মানবসম্পদমন্ত্রী রামানান রামাকৃষ্ণান জানিয়েছেন, ২ হাজার, ২ হাজার ১০০, ২ হাজার ২০০ রিঙ্গিত কোনো অঙ্কই এখনো অনুমোদিত নয়। ফলে মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের ন্যুনতম বেতন কত বাড়ছে, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।