logo

ইরান যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম ছয় দিনেই প্রায় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইনপ্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এই ব্যয়ের হিসাব তুলে ধরেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই হিসাবের মধ্যে সংঘাত-সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ব্যয় ধরা হয়নি। যেমন প্রথম হামলার আগে সামরিক সরঞ্জাম মোতায়েন ও সেনা প্রস্তুতির খরচ। ফলে প্রকৃত ব্যয় এর চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ওয়াশিংটনভিত্তিক একটি থিঙ্ক ট্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, পেন্টাগনের দেওয়া তথ্য (আক্রান্ত লক্ষ্যবস্তু এবং অভিযানে ব্যবহৃত সরঞ্জাম) বিশ্লেষণ করে দেখা গেছে যে, এই যুদ্ধে প্রতিদিন প্রায় ৮৯ কোটি ১৪ লাখ ডলার ব্যয় হচ্ছে।

তবে 'সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ' (সিএসআইএস) মনে করছে, যুক্তরাষ্ট্র যখন ব্যয়বহুল অস্ত্রের পরিবর্তে 'সাশ্রয়ী গোলাবারুদ' ব্যবহার শুরু করবে এবং ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কমে আসবে, তখন এই খরচ কিছুটা কমে আসবে। সিএসআইএস তাদের প্রতিবেদনে যোগ করেছে, 'ভবিষ্যৎ ব্যয় মূলত নির্ভর করবে অভিযানের তীব্রতা এবং ইরানের পাল্টা হামলার কার্যকারিতার ওপর।

সিএসআইএস-এর বিশ্লেষণ অনুযায়ী, বিমান, নৌ ও স্থল অভিযানই হবে খরচের প্রধান উৎস। প্রতিদিন বিমান অভিযানে ৩০ মিলিয়ন ডলার এবং নৌ অভিযানে ১৫ মিলিয়ন ডলার ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, স্থল অভিযানে দৈনিক খরচ হতে পারে ১৬ লাখ ডলার।

সূত্র: আল জাজিরা