logo

পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা ফ্রান্সের

পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা ফ্রান্সের

বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে এখন নিজেদের ভান্ডারে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) উত্তর-পশ্চিম ফ্রান্সের ল’ইল লং সামরিক ঘাঁটিতে উপস্থিত হয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ ঘোষণা দেন। ঘোষণা বাস্তবায়ন হলে ১৯৯২ সালের পর এই প্রথম নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াতে যাচ্ছে ফ্রান্স। খবর বিবিসি

মাখোঁ বলেন, ‘বর্তমানে ফ্রান্সের ৩০০টির কম পারমাণবিক বোমা আছে। আমরা এই সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া ২০৩৬ সালে নতুন একটি পরমাণু অস্ত্রসমৃদ্ধ সাবমেরিন চালু হবে, যার নাম হবে দ্য ইনভিনসিবল।’ তবে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ঠিক কতগুলো বাড়ানো হতে পারে, এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। 

এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি এবং ইউরোপীয় মিত্রদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ইউরোপের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা আরও জোরাল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

ফ্রান্স এখন থেকে মিত্রদেশগুলোকে সাময়িকভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান মোতায়েন করার অনুমতি দেবে। এ ছাড়া হামলা চালানোর সক্ষমতা বাড়াতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য যৌথভাবে ‘অতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে’ কাজ করবে বলেও ঘোষণা দেন তিনি। মাখোঁ বলেন, ‘যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, গ্রিস, সুইডেন ও ডেনমার্ক এই নতুন উন্নত প্রতিরক্ষা কৌশলে অংশগ্রহণের জন্য সম্মত হয়েছে। যদি ফ্রান্সে আক্রমণ করার সাহস দেখায়, তাহলে এর জন্য তাদের অসীম মূল্য দিতে হবে।’