logo

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে কাকে বেছে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে কাকে বেছে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে সাবেক গভর্নর কেভিন ওয়ার্শকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের স্থলাভিষিক্ত হবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে ফেডের সমালোচক ওয়ার্শের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। ওয়ার্শ বলেছেন, হারানো বিশ্বাসযোগ্যতা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ প্রয়োজন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউস যখন কেন্দ্রীয় ব্যাংকের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, তখন জেরোম পাওয়েলের স্থলাভিষিক্ত হবেন সাবেক ফেড গভর্নর। ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শকে মনোনীত করেছেন।

এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে জেরোম পাওয়েলের স্থলাভিষিক্ত হিসেবে কাকে মনোনীত করবেন, তা নিয়ে মাসের পর মাস ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটল। কারণ, তিনি বারবার সুদের হার কমানোর আহ্বান জানিয়ে নীতিনির্ধারণকে প্রভাবিত করার জন্য একটি অসাধারণ প্রচারণা চালিয়েছিলেন।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি কেভিনকে বহুদিন ধরে চিনি। আমার কোনো সন্দেহ নেই যে তিনি সর্বকালের অন্যতম সেরা ফেড চেয়ারম্যান হিসেবে স্বীকৃত হবেন, সম্ভবত সবার সেরা।’

ফেডের চেয়ারম্যানের পদটি যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে ক্ষমতাধর পদগুলোর একটি। বিশ্বের বৃহত্তম অর্থনীতির নীতিনির্ধারণে এই পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও গভীরভাবে অনুভূত হয়।

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদের জন্য সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট, ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার এবং বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরকের নির্বাহী রিক রিডার।

অতীতে ওয়ার্শ যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি সুদের হার কমাতে ফেডের ধীরগতির নীতির সমালোচনায় রাষ্ট্রপতির সুরের সঙ্গে সুর মিলিয়েছেন। ফেড ছাড়ার পর থেকে তিনি নিয়মিতভাবেই কেন্দ্রীয় ব্যাংকের নীতির সমালোচনা করে আসছেন।

ক্যাপিটাল ইকোনমিক্সের মার্কিন অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউন বলেন, বাজারের দৃষ্টিতে ওয়ার্শকে ‘তুলনামূলকভাবে নিরাপদ একটি পছন্দ’ হিসেবে দেখা হবে।

শুক্রবার ভোরে ওয়ার্শ ট্রাম্পের সম্ভাব্য পছন্দ হতে পারেন—এমন খবরে ডলারের মূল্য শক্তিশালী হয়ে ওঠে। তবে মনোনয়নের খবর প্রকাশের পর তা আবার কিছুটা কমে যায়। একই সময়ে সোনার দাম ৪.৮ শতাংশ কমে প্রতি আউন্সে ৫ হাজার ১৩২ ডলারে নেমে আসে।

৫৫ বছর বয়সী ওয়ার্শ ফেডারেল রিজার্ভের সাবেক গভর্নর ও ওয়াল স্ট্রিটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একজন ব্যক্তি। ২০১৭ সালে তিনি ফেডের চেয়ারম্যান পদের জন্য সাক্ষাৎকার দিয়েছিলেন। বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ মে মাসে শেষ হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্পের মনোনীত প্রার্থীকে সিনেটের অনুমোদন পেতে হবে।