logo

ট্রাম্পের হুমকি পাত্তা দিলেন না ব্রিটিশমন্ত্রী

ট্রাম্পের হুমকি পাত্তা দিলেন না ব্রিটিশমন্ত্রী

হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য জোট গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া মিলছে না। সোমবার (১৬ মার্চ) মিত্র জাপান ও অস্ট্রেলিয়া জানিয়েছে, এই জলপথে জাহাজ পাহারা দিতে নৌবাহিনীর জাহাজ পাঠানোর পরিকল্পনা নেই তাদের। 

এদিকে এই প্রণালি সুরক্ষায় মিত্ররা অবদান না রাখলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুব খারাপ’ বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে তার এই মন্তব্যকে হালকাভাবে উড়িয়ে দিয়েছেন যুক্তরাজ্যের এক মন্ত্রী। ইরানের আক্রমণ থেকে জাহাজ রক্ষায় মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর যে আহ্বান ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাজ্য তাতে সাড়া দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

তবে হরমুজ প্রণালিতে মাইন সুইপিং ড্রোন পাঠানোর পরিকল্পনা করছেন ব্রিটিশ মন্ত্রীরা।

কর্ম ও পেনশন সচিব প্যাট ম্যাকফ্যাডেন টাইমস রেডিওকে বলেন, ‘এই প্রেসিডেন্টের আমলে সবসময়ই অনেক বাকবিতণ্ডা হয়। এর আড়ালে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভালো ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং আমি নিশ্চিত তা অব্যাহত থাকবে। তবে এর মানে এই নয় যে, আমাদের সবসময় যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ সমর্থন করতে হবে।’

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এবং বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। গতকাল রোববার ট্রাম্প জোর দিয়ে বলেছেন, উপসাগরীয় তেলের উপর নির্ভরশীল দেশগুলোর এই প্রণালি রক্ষার দায়িত্ব নেওয়া উচিত। বিশ্বের মোট জ্বালানির ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।