logo
Advertisement

তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত

ইন্ডিয়ান এক্সপ্রেস
তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে প্রস্তুতির কথা জানিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতির ভবন। শুক্রবার (২১ আগস্ট) বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

Advertisement

স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, বিশিষ্ট অতিথিকে দেওয়া আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের সম্মুখ চত্বরে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ বা গার্ড পরিবর্তন অনুষ্ঠান বন্ধ থাকবে।

‘এই শনিবার গার্ড পরিবর্তন অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামের সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ ছিল, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতি ও মহড়ার কারণে ২২ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠানটি স্থগিত থাকবে।’

ভারতের রাষ্ট্রপতি ভবন ওই বিজ্ঞপ্তি দেওয়ার পর তার ছবি প্রকাশ করে আইএএনএস। ছবি: সংগৃহীত
ভারতের রাষ্ট্রপতি ভবন ওই বিজ্ঞপ্তি দেওয়ার পর তার ছবি প্রকাশ করে আইএএনএস। ছবি: সংগৃহীত

তবে সফরটি নিয়ে ঢাকা বা নয়াদিল্লি কোনো পক্ষের কূটনৈতিক স্তর থেকেই চূড়ান্ত ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই, বিকেল ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতির কার্যালয় থেকে দ্বিতীয় একটি বিবৃতি দিয়ে পূর্বের সিদ্ধান্তটি বাতিলের কথা জানানো হয়।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৬ সালের ২১ আগস্ট জারি করা প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।’

ভারতের রাষ্ট্রপতি ভবন ওই বিজ্ঞপ্তি দেওয়ার পর তার ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছিল বার্তা সংস্থা আইএএনএস। দেশটির তথ্য অধিদপ্তরও ওই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। কিন্তু পরে দুটোই সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো আসেনি। আইএএনএস-ও পরে পোস্ট সরিয়ে ফেলার কোনো কারণ জানায়নি।

উল্লেখ্য, ভারতে রাষ্ট্রীয় সফরে আগত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রধান সরকারপ্রধানদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনের চত্বরে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, ২১ বার তোপধ্বনি ও ‘গার্ড অফ অনার’ প্রদানের মাধ্যমে এই জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়।