বিশ্বের ১৬ দেশে বাড়তে পারে ভয়াবহ খাদ্যসংকট, সবচেয়ে ঝুঁকিতে ইয়েমেনসহ ৫ দেশ

আগামী ছয় মাসে বিশ্বের ১৬টি দেশে ক্ষুধা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এসব দেশের মধ্যে ইয়েমেনসহ পাঁচটি দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থাগুলো।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের সংস্থাগুলো বলছে, চলমান সংঘাত, আঞ্চলিক যুদ্ধের প্রভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক মানবিক সহায়তায় বড় ধরনের অর্থছাঁটাইয়ের কারণে খাদ্যসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
তাইজ শহরে অবরুদ্ধ পরিস্থিতি, বাস্তুচ্যুত তিন লাখের বেশি
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহর ঘিরে রাখার ফলে সেখানে অবরুদ্ধ অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘাত তীব্র হওয়ার পর থেকে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অধিকাংশই তাইজ, লাহিজ ও এডেন প্রদেশের বাসিন্দা।
জাতিসংঘের সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে প্রায় ১৮ লাখ মানুষ চরম খাদ্যসংকটের মুখে রয়েছেন। আগের বিশ্লেষণে এ সংখ্যা ছিল ১৬ লাখ। অর্থাৎ পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।
অন্যদিকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সাম্প্রতিক কোনো খাদ্যনিরাপত্তা মূল্যায়ন করা সম্ভব হয়নি। সংঘাত বাড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকায় মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর প্রবেশ ও কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
দেশটির অর্ধেকের বেশি মানুষ খাদ্যসংকটে
জাতিসংঘের সর্বশেষ দেশব্যাপী পূর্বাভাসে দেখা গেছে, ফেব্রুয়ারি পর্যন্ত ইয়েমেনের প্রায় ১ কোটি ৮৩ লাখ মানুষ খাদ্যসংকটের মধ্যে ছিলেন। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ এ পরিস্থিতির শিকার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুতি বিদ্রোহীদের হাতে জাতিসংঘের ৭৩ জন কর্মী আটক রয়েছেন। তাদের মধ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের আটজন কর্মীও রয়েছেন।
বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত, মানবিক সহায়তা পৌঁছানোর সীমাবদ্ধতা এবং অর্থায়ন কমে যাওয়ায় ইয়েমেনের খাদ্যসংকট মোকাবিলা আরও কঠিন হয়ে পড়ছে।
দীর্ঘদিনের যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ে জর্জরিত ইয়েমেনে নতুন করে খাদ্যসংকট বাড়লে লাখো মানুষের জীবন ও জীবিকা আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থাগুলো।



