বিশ্বশান্তি রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের জোরালো ভূমিকা চায় চীন

বিশ্বের অস্থির পরিস্থিতি মোকাবিলা এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে চীন।
সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আঞ্চলিক ও উপআঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে জাতিসংঘের সহযোগিতাবিষয়ক এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। খবর সিসিটিভি।
ফু ছোং তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নকে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘চীন জাতিসংঘ ও ইইউর মধ্যে সহযোগিতাকে সমর্থন করে। একই সঙ্গে ইইউ যেন আরও স্বাধীন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি ও উন্নয়নে গতিশীল ভূমিকা পালন করে, চীন সেই প্রত্যাশা রাখে।’
তিনি সতর্ক করে বলেন, ‘বর্তমান পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক শৃঙ্খলা মারাত্মক চাপের মুখে রয়েছে। মানবজাতির শান্তি ও উন্নয়নের পথ আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে।’
ফু ছোং আরও বলেন, ‘ন্যায়বিচার ও ন্যায্যতা না থাকলে ক্ষমতার রাজনীতি জেঁকে বসবে এবং জঙ্গল আইন জয়ী হবে। আমাদের অবশ্যই জাতিসংঘের সনদের মূলনীতি বজায় রাখতে হবে এবং সব ধরনের আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাতে হবে।’