logo

দুর্যোগে বিপর্যস্ত আফগানিস্তান-পাকিস্তান, প্রাণহানি ১২১ 

দুর্যোগে বিপর্যস্ত আফগানিস্তান-পাকিস্তান, প্রাণহানি ১২১ 

টানা ভারী বৃষ্টি, ঝড় ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান এবং পাকিস্তান। গত কয়েক দিনের এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১২১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন দেশ দুটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

গত ২৫ মার্চ থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঝড় ও বন্যায় মারা গেছেন অন্তত ৩২ জন। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে প্রাণ গেছে আরও ২০ জনের। 

চীনা গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, আফগানিস্তানেও ঝড়বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে অনেক আবাদি জমির ফসলও নষ্ট হয়ে গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানান, ২৬ মার্চ থেকে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়। এ প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছে শতাধিক মানুষ। এদিকে বন্যা দেখা দিয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলের গজনি প্রদেশে। দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে বৃষ্টিতে ঘরের ছাদ ধসে মারা গেছেন তিনজন।

টানা দুর্যোগে দু’দেশের জনজীবনে নেমেছে ভোগান্তি। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এরই মধ্যে জরুরি তৎপরতা শুরু হয়েছে।