Advertisement

যোগাযোগে ব্যাঘাত, ট্রাম্পের হেলিকপ্টার চলে আসে যাত্রীবাহী বিমানের কাছে

এশিয়া পোস্ট ডেস্ক
যোগাযোগে ব্যাঘাত, ট্রাম্পের হেলিকপ্টার চলে আসে যাত্রীবাহী বিমানের কাছে
ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের আকাশসীমায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ এবং একটি বাণিজ্যিক উড়োজাহাজের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না থাকার ঘটনা তদন্ত করছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ আগস্ট স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় আমেরিকান এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান এনভয় এয়ার পরিচালিত একটি এমব্রায়ের ই-১৭০ উড়োজাহাজ ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করছিল। একই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী মেরিন ওয়ান অ্যান্ড্রুজ বিমানঘাঁটির দিকে যাচ্ছিল।

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই বলেছেন, মেরিন ওয়ানের ফ্লাইট বিশ্বের অন্যতম দক্ষ বৈমানিকরা পরিচালনা করেন এবং কোনো সময়ই প্রেসিডেন্টের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ছিল না।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ঘটনাকালে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বাণিজ্যিক উড়োজাহাজ ও মেরিন ওয়ানের পাইলট—উভয়ের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছিলেন। সংস্থাটি বলেছে, প্রেসিডেন্ট কখনোই বিপদের মধ্যে ছিলেন না। তবে ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, নিরাপত্তা বিধি অনুসারে দুটি উড়োজাহাজের মধ্যে আনুভূমিকভাবে অন্তত ১ দশমিক ৫ মাইল এবং উল্লম্বভাবে কমপক্ষে ৫০০ ফুট দূরত্ব বজায় রাখার কথা।

ঘটনার বিষয়ে আমেরিকান এয়ারলাইনস ও মার্কিন মেরিন কর্পস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

২০২৫ সালের জানুয়ারিতে ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হওয়ার পর ওই এলাকার আকাশপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।