logo

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আয়োজনে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আয়োজনে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে পাকিস্তান। ‘দ্য নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, আলোচনার চূড়ান্ত তারিখ ঘোষণা না হলেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ও লজিস্টিকসহ যাবতীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।

শান্তি আলোচনার পর সম্ভাব্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের মধ্যস্থতাকারী দল ছাড়াও বিশ্বের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ‘দ্য নিউজ’ জানিয়েছে, আলোচনার চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত না হলেও আগামী সপ্তাহের শেষ নাগাদ এটি অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ দাবি করেছে, এই আলোচনা সোমবারই অনুষ্ঠিত হতে পারে। ইরানি সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানায়, উভয় দেশের প্রতিনিধিদল রোববারই ইসলামাবাদে পৌঁছাতে পারেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদ শহরের নিজস্ব বাহিনীর পাশাপাশি পাঞ্জাব পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিফ কমিশনার, সিডিএ চেয়ারম্যান সোহেল আশরাফ এবং আইজিপি আলী নাসির রিজভীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

নূর খান এয়ারবেস থেকে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত ভিভিআইপি সড়ক সংস্কারের কাজ চলছে। এর মধ্যে রয়েছে এক্সপ্রেস হাইওয়ে, মুরি রোড এবং শাহরাহ-ই-দস্তুর-এ ল্যান মার্কিং ও সংস্কার কাজ। এ ছাড়া রাস্তার কার্বস্টোন রং করা, ল্যান্ডস্কেপিং এবং শোভাবর্ধক গাছ লাগানোর মাধ্যমে শহরকে সাজিয়ে তোলা হচ্ছে। উচ্চপর্যায়ের এই সফর উপলক্ষে রেড জোনের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগ ইতোমধ্যে একটি বিশেষ ট্রাফিক প্ল্যান তৈরি করেছে।