এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইওর পদত্যাগ

জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও ও সভাপতি বোর্জ ব্রেন্ডে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।
ব্রেন্ডের পদত্যাগপত্রে এপস্টেইন ইস্যুর কোনো উল্লেখ ছিল না। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইওর বিরুদ্ধে যৌন অপরাধী জেফ্রির সঙ্গে ই-মেইল ও চিঠি বিনিময়ের অভিযোগ ছিল।
এ বিষয়ে এক বিবৃতিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সহসভাপতি আন্দ্রে হফম্যান ও ল্যারি ফিঙ্ক বলেছেন, অ্যালোইস জুইঙ্গি ফোরামের অন্তর্বর্তীকালীন প্রধান এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০১৭ সাল থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও ব্রেন্ডে বলেছেন, মার্কিন বিচার বিভাগ জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত ফাইল প্রকাশের পর তিনি এ পদত্যাগের সিদ্ধান্ত নেন।
ওই ফাইলে বলা হয়েছে, ব্রেন্ডে এপস্টেইনের সঙ্গে তিনটি ব্যবসায়িক নৈশভোজে অংশ নিয়েছিলেন এবং তার সঙ্গে ই-মেইল এবং টেক্সট বার্তা বিনিময় করেছিলেন।
ব্রেন্ডে আরও বলেন, এসব বিষয়ে বিবেচনার পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সহকর্মী ও অংশীদারদের সহযোগিতামূলক আচরণের জন্য কৃতজ্ঞ।