যুক্তরাজ্যের সাবেক এমপি উইডিকম্বকে হত্যা

যুক্তরাজ্যের সাবেক পার্লামেন্ট সদস্য (এমপি) ও প্রবীণ রাজনীতিক অ্যান উইডিকম্বকে নিজ বাসভবনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের একদিনের মাথায় শুক্রবার (১০ জুলাই) পুলিশ ২৬ বছর বয়সি এক শ্বেতাঙ্গ ব্রিটিশ যুবককে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ডার্টমুর ন্যাশনাল পার্কের হ্যাটার ভেল গ্রামের নিজ বাসস্থান থেকে ৭৮ বছর বয়সি এই সাবেক টোরি মন্ত্রীর গুরুতর জখমসহ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ডেভনের নিউটন অ্যাবট এলাকার একটি ঠিকানা থেকে স্থানীয় পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। তবে শনিবার (১১ জুলাই) পুলিশি হেফাজত থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার এই মামলার সঙ্গে সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন আদালত।
সহকারী প্রধান কনস্টেবল ম্যাট লংম্যান সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত দায়ীদের ধরা এবং সব ধরনের প্রমাণ খুঁজে বের করা পুলিশের প্রধান দায়িত্ব। ফোর্সের মেজর ক্রাইম ইনভেস্টিগেশন টিমের গোয়েন্দারা ঘটনার আসল রহস্য উদঘাটনে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিদবেদনের বরাতে জানা গেছে, নিহত সাবেক মন্ত্রীর বাড়ির চারপাশে পুলিশি নিরাপত্তা বেষ্টনী দেওয়া রয়েছে। সেখানে বিশেষ অনুসন্ধ্যানী দল পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তদন্তের স্বার্থে ওই এলাকার আশেপাশের সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। তিনি বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হলো দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যেন আসল অপরাধীকে দ্রুত সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সাহায্য করে। নিরাপত্তাবেষ্টিত এই গ্রামের আশেপাশে কেউ কোনো সন্দেহজনক কিছু দেখে থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনচ দলের প্রবীণ নারী নেত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
অ্যান উইডিকম্ব ছিলেন যুক্তরাজ্যের রাজনীতির এক পরিচিত মুখ। তিনি ১৯৮৭ থেকে ২০১০ সাল পর্যন্ত দীর্ঘ সময় কেন্টের মেইডস্টোন আসনের কনজারভেটিভ এমপি এবং সাবেক মন্ত্রী ছিলেন। পরে তিনি ব্রেক্সিট পার্টি ও রিফর্ম ইউকে দলের রাজনীতিতে সক্রিয় হন এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনীতি ছাড়াও ২০১০ সালে বিবিসির জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’-এ অংশ নিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শবানা মাহমুদ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে সাধারণ মানুষকে কোনো ধরনের আগাম মন্তব্য না করে পুলিশকে স্বাধীনভাবে তদন্ত শেষ করার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।




