মে মাসে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি ইসরায়েলের

গাজায় মে মাসে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার পরবর্তী ধাপের অংশ হিসেবে এ সেনা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইসরায়েলের সরকারি গণমাধ্যম কান এ বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার (১৫ মার্চ) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।
ইসরায়েলের সরকারি গণমাধ্যম কান জানিয়েছে, এ আন্তর্জাতিক বাহিনীতে ইন্দোনেশিয়ার প্রায় ৫ হাজার সৈন্য এবং কাজাখস্তান, মরক্কো, আলবেনিয়া ও কসোভোর কয়েক ডজন সৈন্য অন্তর্ভুক্ত থাকবে। মে মাসের ১ তারিখ থেকে এ বাহিনী কার্যক্রম শুরু করতে পারে।
গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ এলাকায় সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় নির্মিত একটি ফিলিস্তিনি শহরের চারপাশে আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েন করা হবে। এরপর গাজার অন্যান্য অংশে তাদের মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার পরবর্তী ধাপের অংশ হিসেবে এ সেনা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কান জানিয়েছে, আন্তর্জাতিক সেনাবাহিনীতে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক প্রতিনিধি দল দুই সপ্তাহের মধ্যে ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া এ বাহিনীর সদস্যদের মোতায়েনের আগে গাজায় গোয়েন্দা সফর পরিচালনা করা হবে।