logo

ইরানের হামলায় ৩০০ মিলিয়ন ডলার মূল্যের মার্কিন বিমান ধ্বংস

ইরানের হামলায় ৩০০ মিলিয়ন ডলার মূল্যের মার্কিন বিমান ধ্বংস

সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় আনুমানিক ৩০০ মিলিয়ন (৩০ কোটি) ডলার মূল্যের একটি ‘ই-৩ সেন্ট্রি’ বিমান ধ্বংস হয়েছে।

এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনের প্রতিবেদনের বরাতে রোববার (২৯ মার্চ) হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শুক্রবার (২৭ মার্চ) সংঘটিত ইরানি হামলায় অন্তত ১০ মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। 

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু অপ্রতিপাদিত ছবিতে দেখা গেছে, বোয়িং ই-৩ বিমানটি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে মার্কিন ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ই-৩ সেন্ট্রি বিমান প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালে উদ্ধৃত কর্মকর্তাদের বক্তব্য এবং অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজ অনুযায়ী দ্য টাইমস অব ইসরায়েলও বিষয়টি নিশ্চিত করেছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ১২ জন মার্কিন সেনাসদস্য আহত হন এবং কয়েকটি জ্বালানি ভরার বিমান ক্ষতিগ্রস্ত হয়।

ই-৩ সেন্ট্রি সম্পর্কে তথ্য

ই-৩ সেন্ট্রি হলো আমেরিকার একটি বায়ুবাহিত আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণকারী বিমান (এডব্লিউএসিএস), যা বোয়িং তৈরি করেছে। এই বিমানের ওপরের অংশে একটি ঘূর্ণায়মান রাডার ডিস্ক থাকে, যা অনেক দূর থেকে শত্রুর হুমকি শনাক্ত করতে এবং অন্যান্য যুদ্ধবিমানকে নির্দেশনা দিতে ব্যবহৃত হয়। 

মার্কিন বিমানবাহিনীর মতে, এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে।

কয়েক দশক আগেও যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৩০টি ই-৩ সেন্ট্রি বিমান ছিল। কিন্তু সৌদি আরবের ওই বিমানঘাঁটিতে হামলার আগে তাদের কাছে মাত্র ১৬টি ই-৩ সেন্ট্রি বিমান ছিল।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ই-৩ সেন্ট্রির সহজ কোনো বিকল্প বর্তমানে প্রস্তুত নেই এবং এর নিকটতম বিকল্প ই-৭ ওয়েজটেইল বিমানের সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৭০০ মিলিয়ন ডলার।