ইরানের ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, রয়টার্সকে ট্রাম্প

ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র পাবে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে। ইউরেনিয়াম উদ্ধারে ইরানের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।
রয়টার্সের প্রতিবেদক স্টিভ হল্যান্ডকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা একসঙ্গে এই ইউরেনিয়াম উদ্ধার করতে যাচ্ছি। ইরানের সঙ্গে খুব ধীরে-সুস্থে এগোব এবং বড় যন্ত্রপাতি নিয়ে খনন কাজ শুরু করব। এরপর ইউরেনিয়ামগুলো যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনব।’
যুদ্ধে ছড়িয়ে ছিটিয়ে পড়া পারমাণবিক ধূলিকণা তথা ইউরেনিয়ামের কথা উল্লেখ করে বলেন, এগুলো খুব শিগগিরই উদ্ধার করা হবে।
রয়টার্স বলছে, পারমাণবিক ধূলিকণা বলতে ট্রাম্প মূলত গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বিমান হামলার ধ্বংসাবশেষকে উল্লেখ করছেন।
ট্রাম্প মনে করেন, বোমা হামলার পর স্থাপনাগুলোর নিচে এখনও বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম অবিকৃত অবস্থায় পড়ে আছে।