গাজার শাসনভার ছাড়ল হামাস, গঠিত হচ্ছে বেসামরিক কমিটি

এশিয়া পোস্ট ডেস্ক
গাজার শাসনভার ছাড়ল হামাস, গঠিত হচ্ছে বেসামরিক কমিটি
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বর্বর ‘নিধন যুদ্ধ’ ও আগ্রাসন থামাতে ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজা উপত্যকায় দীর্ঘ দুই দশক ধরে চলা নিজেদের শাসনের অবসান ঘটিয়ে নিজেদের প্রশাসনিক সংস্থা বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে তারা। এর ফলে একটি বিশেষ বেসামরিক কমিটির হাতে গাজার প্রশাসনিক শাসনভার হস্তান্তরের পথ সম্পূর্ণ সুগম হলো।

২০০৬ সালের নির্বাচনে জয়ের পর ২০০৭ সাল থেকে টানা গাজা শাসন করে আসা হামাসের ইতিহাসে এটিকে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

হামাস নিয়ন্ত্রিত সরকারি তথ্য দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গাজা সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তিনি আরও জানান, ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)-এর কাছে প্রশাসনিক ও সরকারি দায়িত্ব রূপান্তরের প্রক্রিয়াটিকে সহজ করতে জরুরি কমিটি বিলুপ্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২০২৫ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় একটি ঐতিহাসিক ‘যুদ্ধবিরতি’ চুক্তি সই হয়েছিল। সেই সময় ট্রাম্পের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বোর্ড অব পিস’ (শান্তি বোর্ড) গাজার বেসামরিক প্রশাসনিক কাজ সচল রাখার জন্য এই এনসিএজি কমিটি গঠন করে। গত বছরের সেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস বারবার বলে আসছিল, তারা গাজার দৈনন্দিন শাসনভার থেকে সরে দাঁড়াতে সম্পূর্ণ প্রস্তুত।

এই বিষয়ে হামাসের মুখপাত্র হাজেম কাসেম স্পষ্ট করে বলেন, হামাস এই নতুন ও দূরদর্শী পদক্ষেপটি নিয়েছে যাতে দখলদার ইসরায়েলিদের গাজায় আগ্রাসন ও নিধন যুদ্ধ চালিয়ে যাওয়ার আর কোনো অজুহাত না থাকে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি গাজা প্রশাসনের জন্য গঠিত এই জাতীয় বেসামরিক কমিটি খুব দ্রুত তাদের কাজ শুরু করবে। এই কমিটির শতভাগ সাফল্য নিশ্চিত করতে হামাস সমস্ত সরকারি দায়দায়িত্ব ও ক্ষমতা তাদের হাতে বুঝিয়ে দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সূত্র: আলজাজিরা