তেল আবিবের স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে ইরান

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধে বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলের গুরুত্বপূর্ণ ‘হায়েলা’ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি ড্রোনের আঘাতে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের আধা-সামরিক বার্তা সংস্থা তাসনিম।
আইআরজিসি জানিয়েছে, তারা তেল আবিবের দক্ষিণে (সদত মিচা) অবস্থিত জায়নবাদী শাসনের ‘হায়েলা’ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি ধ্বংস করে দিয়েছে।
জনসংযোগ দপ্তরের তথ্যমতে, এই কেন্দ্রটি ছিল জায়নবাদী শাসনের বিমান ঘাঁটিগুলোর সঙ্গে যুদ্ধবিমানের যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি বিশেষ অভিযানে আত্মঘাতী ড্রোনের আঘাতে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
তাসনিম নিউজ বলছে, গুরুত্বপূর্ণ স্থাপনাটি জায়নবাদী যুদ্ধবিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের জন্য একটি অপরিহার্য অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এই আক্রমণে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক অবস্থানে ব্যাপক বিমান হামলা চালানো হয়, যার ফলে প্রচুর প্রাণহানি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।
এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে। তারা ইসরায়েলের অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ প্রায় শেষের দিকে বলে দাবি করলেও ইরান তা কর্ণপাতই করছে না। তাদের পাল্টা দাবি, যুক্তরাষ্ট্র নয়, কেবল ইরান এই যুদ্ধের শেষ বা ইতি টানবে।