logo

ন্যাটো অত্যন্ত নির্বোধ ভুল করছে, বললেন চরম অসন্তুষ্ট ট্রাম্প

ন্যাটো অত্যন্ত নির্বোধ ভুল করছে, বললেন চরম অসন্তুষ্ট ট্রাম্প

হরমুজ প্রণালিতে প্রস্তাবিত মার্কিন প্রহরা অভিযানে ন্যাটোর মিত্র দেশগুলোর অস্বীকৃতিতে আবারও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ মার্চ) হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকে তিনি ন্যাটোর ওপর তার 'হতাশার' কথা পুনর্ব্যক্ত করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘ন্যাটো একটি অত্যন্ত নির্বোধ ভুল করছে। আমি ভাবছি তারা আদৌ আমাদের সমর্থন করবে কি না। এটি তাদের জন্য একটি বড় পরীক্ষা; যদিও আমাদের তাদের প্রয়োজন নেই, কিন্তু মিত্র হিসেবে তাদের সেখানে থাকা উচিত ছিল।’

ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের এই বিষয়টি মনে রাখা উচিত।’

ট্রাম্প দাবি করে বলেন, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ন্যাটোর পেছনে ‘ট্রিলিয়ন ডলার’ ব্যয় করেছে, যা দেশটির বিশাল আর্থিক ঘাটতির অন্যতম কারণ। তবে এখনই ন্যাটো সম্পর্ক পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা নেই বলে তিনি জানান।

ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ প্রণালি নৌ-চলাচলের জন্য নিরাপদ হতে ‘বেশি দেরি নেই’। ইরানের সঙ্গে সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির একটি সমাধান দেখছে।

এর আগে ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালির সুবিধাভোগী যারা, তাদের সহযোগিতার হাত বাড়ানো উচিত, যাতে কোনো বাজে ঘটনা সেখানে না ঘটে। এই আহ্বানে যদি সাড়া না পাওয়া যায়, কিংবা নেতিবাচক সাড়া পাওয়া যায়, তাহলে আমার ধারণা, ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ হবে।’

তবে এই জোটের সদস্য এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও গ্রিস এরই মধ্যে জানিয়ে দিয়েছে, তারা যুদ্ধে জড়াতে চায় না। জোটের অন্য দেশগুলো এখনো নীরব। যুদ্ধকে না বলছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়াও।

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলা শুরুর কয়েক ঘণ্টা পরই জবাব দেওয়া শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলা শুরু করে তারা। যুদ্ধ পরিস্থিতি জটিল হয় ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করায়।

সূত্র: সিএমজি