logo

রাশিয়ার তেল ক্রয়ে ছাড়ের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেল ক্রয়ে ছাড়ের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল ও জ্বালানি পণ্য আমদানির বিশেষ ছাড়ের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

শনিবার (১৮ এপ্রিল) আলজাজিরা জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলায় ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথি অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত জাহাজে বোঝাই করা রাশিয়ার তেল আগামী ১৬ মে পর্যন্ত কেনার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে এই ছাড়ের মেয়াদ ১১ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল।

এ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট মনোনীত দূত কিরিল দিমিত্রিভ জানিয়েছেন, প্রথম দফার এই ছাড়ের ফলে প্রায় ১০ কোটি ব্যারেল রুশ অপরিশোধিত তেল বাজারে আসবে, যা বিশ্বের প্রায় এক দিনের মোট উৎপাদনের সমান।

তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনসহ পশ্চিমা বিশ্বের অনেক নেতা। 

সমালোচকদের মতে, ইউক্রেন যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ যেন রাশিয়া তেলের রাজস্ব থেকে সংগ্রহ করতে না পারে, সে জন্য যেখানে নিষেধাজ্ঞা জোরদার করা হচ্ছে, সেখানে এ ধরনের ছাড় সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।