যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টারে বন্দুক হামলা, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই সন্দেহভাজন হামলাকারীও রয়েছে।
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় জড়িত দুই সন্দেহভাজন যুবকও মারা গেছে। ধারণা করা হচ্ছে, তারা নিজেরাই আত্মহত্যা করেছে।
সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল জানান, একটি ইসলামিক সেন্টারে হামলা করা হয়েছে। ঘটনাটিকে ‘হেট ক্রাইম’ বা বিদ্বেষজনিত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, এটি প্রতিটি কমিউনিটির জন্য সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নের মতো ঘটনা। এখানে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেন্টারে থাকা কোনো শিশুর ক্ষতি হয়নি।
সিটি প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে একজন নিরাপত্তা কর্মীও রয়েছেন। ঘটনার পরপরই পরিবারগুলোর জন্য একটি পুনর্মিলন কেন্দ্র স্থাপন করা হয়।
মসজিদের ইমাম তাহা হাসানি বলেন, এই কেন্দ্রটি সবার জন্য প্রার্থনা, শিক্ষা ও সামাজিক মিলনের জায়গা। উপাসনালয়কে লক্ষ্য করে হামলা নিন্দনীয়।
বর্তমানে হুমকি নিয়ন্ত্রণে আনা হয়েছে ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জানিয়ে সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া বলেন, এটি একটি বড় ট্র্যাজেডি।
তিনি মুসলিম কমিউনিটির প্রতি সমবেদনা জানিয়ে ধর্মীয় স্থানে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রতি দেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
