কঙ্গোয় নতুন প্রদেশে ইবোলা সংক্রমণ

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) চলমান ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির একটি নতুন প্রদেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যার ফলে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ৬০০ ছাড়িয়েছে। কঙ্গো সরকারের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
গত ১৫ মে কঙ্গোয় আনুষ্ঠানিকভাবে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। বুধবার (৮ জুলাই) রাতে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশ ইতুরি, উত্তর কিভু এবং দক্ষিণ কিভুতে মোট ১ হাজার ৭৫৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তবে কঙ্গোর অন্যতম বড় শহর এবং তশোপো প্রদেশের রাজধানী কিসাঙ্গানিতে নতুন করে সনাক্ত হওয়া দুজনকে এখনো এ হিসাবের অন্তর্ভুক্ত করা হয়নি।
আক্রান্তদের মধ্যে একজনের সঙ্গে ইবোলার উৎপত্তিস্থল ইতুরি প্রদেশের নিয়ানিয়া স্বাস্থ্য জোনের ভৌগোলিক যোগাযোগ থাকলেও দ্বিতীয় আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে তেমন কোনো স্পষ্ট সংযোগ খুঁজে পাওয়া যায়নি। ল্যাবরেটরিতে এই পজিটিভ ফলাফলগুলো চূড়ান্তভাবে যাচাইয়ের কাজ শেষ হলে আক্রান্তের তালিকায় যুক্ত করা হবে।
নতুন এই সংক্রমণের পর কিসাঙ্গানি শহরে দ্রুত নজরদারি বৃদ্ধি, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ভাইরাস প্রতিরোধে কঠোর ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষ তশোপো এবং হাউত-উয়েলে নামক দুটি নতুন প্রদেশে ইবোলা ভাইরাসের সংস্পর্শে আসা সম্ভাব্য ব্যক্তিদের সন্ধান শুরু করেছিল।
বুধবার(৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়, তার আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু নথিবদ্ধ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই সপ্তাহে সতর্ক করে জানিয়েছে, কঙ্গোর এই ইবোলা পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়নি। জনসাধারণের ব্যাপক স্থানান্তরের কারণে ভাইরাসের সংক্রমণ ক্রমাগত আরও নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।




