যুক্তরাষ্ট্রে ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত ৩১ অঙ্গরাজ্য

এশিয়া পোস্ট ডেস্ক
যুক্তরাষ্ট্রে ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত ৩১ অঙ্গরাজ্য
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৩১টি অঙ্গরাজ্যে ‘সাইক্লোস্পোরিয়াসিস’ নামক পরজীবীঘটিত সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে দেশটিতে হাজার হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছেন। বিশেষ করে মিশিগান অঙ্গরাজ্যে এর প্রকোপ সবচেয়ে বেশি। এ রাজ্যে মাত্র দুই সপ্তাহে এক হাজারেরও বেশি মানুষের এই রোগ শনাক্ত হয়েছে।

এছাড়া নিউইয়র্ক, ইলিনয় ও ওহাইওতেও অনেক রোগী পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এই সংক্রমণে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাইক্লোস্পোরিয়াসিস হলো একটি অন্ত্রের রোগ, যা খালি চোখে দেখা যায় না এমন একটি ক্ষুদ্র পরজীবীর কারণে হয়। এই রোগের প্রধান লক্ষণ হলো ঘন ঘন পাতলা পায়খানা হওয়া। পরজীবী শরীরে ঢোকার পর সাধারণত অসুস্থ হতে প্রায় এক সপ্তাহ সময় লাগে। চিকিৎসা না করালে এই অসুস্থতা কয়েক দিন থেকে এক মাসেরও বেশি সময় স্থায়ী হতে পারে এবং রোগটি ভালো হয়ে যাওয়ার পর আবারও ফিরে আসতে পারে।

এই রোগটি একজন মানুষের শরীর থেকে সরাসরি অন্য মানুষের শরীরে ছড়ায় না। এটি কেবল পরজীবী দ্বারা দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত কৃষিজমিতে বা সেচের পানির মাধ্যমে কাঁচা শাকসবজি ও ফলমূল এই পরজীবী দ্বারা দূষিত হয়ে থাকে। অতীতে যুক্তরাষ্ট্রে এই ধরনের সংক্রমণ প্যাকেটজাত সালাদ, ধনেপাতা, তুলসী পাতা, রাসবেরি এবং কাঁচা পেঁয়াজের মাধ্যমে ছড়িয়েছিল। তবে বর্তমান অবস্থার সুনির্দিষ্ট উৎস এখনও চিহ্নিত করা যায়নি।

সংক্রমণের ঝুঁকি কমাতে কাঁচা শাকসবজি ও ফলমূল ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভব হলে রাসবেরি এবং শাকসবজি রান্না করে খাওয়ার এবং লেটুস পাতা বা কাঁচা পেঁয়াজের বাইরের অংশ ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যে শুধু পানি দিয়ে ধুয়ে এই পরজীবী সম্পূর্ণ দূর করা কঠিন হতে পারে, তবুও রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ফলমূল ও সবজি ভালো করে ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে। কোনো ব্যক্তির তীব্র ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে বলা হয়েছে।