হরমুজ প্রণালিতে জাহাজ চললেই অগ্নিসংযোগের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক তেলবাহী জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, এই প্রণালি দিয়ে যে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হবে।
আইআরজিসির কমান্ডার-ইন-চিফের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি সোমবার এক বিবৃতিতে বলেন, প্রণালিটি বন্ধ। যদি কেউ অতিক্রমের চেষ্টা করে, তাহলে বিপ্লবী গার্ড ও নিয়মিত নৌবাহিনীর বীররা সেই জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেবে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে জাবারি আরও হুঁশিয়ার করে বলেন, আমরা তেল পাইপলাইনগুলোতেও আক্রমণ করব। এক ফোঁটা তেলও এই অঞ্চল থেকে যেতে দেব না। আগামী দিনে তেলের দাম ২০০ ডলারে পৌঁছাবে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম তাকে উদ্ধৃত করে জানিয়েছে, হাজার হাজার বিলিয়ন ডলার ঋণগ্রস্ত আমেরিকানরা এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল, কিন্তু তাদের জানা উচিত যে এক ফোঁটাও তেল তাদের কাছে পৌঁছাবে না।
ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলোর একটি। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথে পরিবাহিত হয়।
এ পরিস্থিতিতে সোমবার সকাল থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম তীব্রভাবে বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা এবং এর জেরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।