পশ্চিমবঙ্গে আট ঘণ্টায় ভোট পড়েছে ৭৯ শতাংশ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বেড়েছে ভোটদানের হার। ভোটদানের যে প্রবণতা প্রথম দফায় এখন পর্যন্ত দেখা গেছে, তা থাকলে বিকেল পাঁচটার মধ্যেই গত লোকসভা নির্বাচনে ভোটদানের হারকে ছাপিয়ে যেতে পারে এই নির্বাচন।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন বিকেল তিনটা পর্যন্ত ভোট পড়েছে ৭৮ দশমিক ৭৭ শতাংশ। এর আগে, দুপুর একটা পর্যন্ত রাজ্যজুড়ে ভোট পড়েছে ৬২ দশমিক ১৮ শতাংশ, যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে সবচেয়ে বেশি ভোট পড়েছে। এই জেলায় ৬৫ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়েছে দুপুর ১টার মধ্যেই।
এদিকে দুপুর ৩টা পর্যন্ত ১৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে; ৮১ দশমিক ৪৯ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পঙে; ৭৪ দশমিক ৭ শতাংশ। ১৫২টি বিধানসভা কেন্দ্রে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ।
প্রথম দফায় ১৫২ আসনের জন্য মোট ৪৪ হাজার ৩৬৭টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে প্রধান বুথের সংখ্যা ৪১ হাজার ৪১৮। সহকারী বুথ রয়েছে ২ হাজার ৯৫৮টি। এদিন ভোর সাড়ে ৫টা থেকে শুরু হয় মকপোল। ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৭টায়, শেষ হবে সন্ধ্যা ৬টায়।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রত্যেক বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলবে। প্রতি বুথে গড়ে ৮১৩ জন করে ভোটার রয়েছেন। প্রথম দফার ভোটে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মিলে প্রায় ৫ লাখ কর্মী প্রথম দফার ভোটের কাজে নিযুক্ত হয়েছেন।
ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর এ বছর বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ১৭১ জন। পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ৪৯৬ জন, নারী ভোটার ১ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ২১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন।
এদিকে তামিলনাড়ুতে দুপুর ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭০ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত তামিলনাড়ুতে ৭০ শতাংশ ভোট পড়েছে। চেন্নাইতে ৬৮ দশমিক ১৩ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রগুলোর মধ্যে নামাক্কাল জেলার কুমারাপালয়ম-৯৭ আসনে সর্বোচ্চ ৮০ দশমিক ৬৭ শতাংশ এবং তিরুনেলভেলি জেলার পালায়ামকোট্টাই আসনে সর্বনিম্ন ৫৬ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।