ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহত

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। শুক্রবার (স্থানীয় সময়) লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদেইদাহসহ দেশটির বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। জোটের ভাষায়, এটি ছিল একটি ‘বিশেষ সামরিক অভিযান’।
হুতি গোষ্ঠীর দাবি, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হোদেইদাহ বন্দরে অস্ত্র চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এ ছাড়া ইয়েমেনের রাজধানী সানা, সা'দা ও তাইজ প্রদেশেও হামলা চালানো হয়েছে।
হোদেইদাহ বন্দরে হামলার পর সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বিভিন্ন বন্দরে পাল্টা হামলার হুমকি দিয়েছিল হুতিরা। এসব বন্দরের মধ্যে জেদ্দাও রয়েছে।
একই সঙ্গে সৌদি আকাশসীমাকে ‘অনিরাপদ’ ঘোষণা করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করে গোষ্ঠীটি। তাদের দাবি, সৌদি ভূখণ্ডে যেকোনো সময় সামরিক অভিযান পরিচালিত হতে পারে।
এ ছাড়া সৌদি রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে হুতিরা।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হোদেইদাহ বন্দরে অস্ত্র চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তিনি আরও জানান, রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরিচালনার স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে জোটের বাহিনী।
জোটের দাবি, এসব অভিযান হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং অস্ত্র সরবরাহের পথ বন্ধ করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।
পরবর্তী এক পোস্টে তুর্কি আল-মালকি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
তবে ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের বাহিনী আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র এবং জিজান বন্দরে সরাসরি হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর ইয়েমেনের মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করেছে হুতিদের নিয়ন্ত্রণাধীন টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।
তবে বিদ্যুৎকেন্দ্রটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হামলার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন জোটের নতুন সামরিক অভিযান আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে পাল্টাপাল্টি হামলার হুমকিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বাণিজ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই


