স্বাধীনতা দিবসের উৎসবে নিউইয়র্কে ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবের দিন নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধের পর আহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) এবিসি নিউজের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় পুলিশ প্রশাসন (এনওয়াইপিডি) সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ব্রুকলিন এলাকার ওয়েস্ট ৩১ নম্বর সড়কে আকস্মিক এই গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
আহতদের মধ্যে ১৪, ১২, ৭ এবং ৬ বছর বয়সি চার শিশু রয়েছে। বাকি চারজন প্রাপ্তবয়স্ক, যার মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ সবাইকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সাতজনের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক বা স্থিতিশীল থাকলেও, ২১ বছর বয়সি এক তরুণীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এই হামলার নেপথ্যে কারা ছিল এবং কেন এই গুলি চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রয়টার্সের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শনিবার (৪ জুলাই) ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী। এমন একটি ঐতিহাসিক উৎসবের দিনে এই বন্দুক হামলার ঘটনা ঘটল।




