logo

মার্কিন ট্যাংকারে হামলার দাবি ইরানের

মার্কিন ট্যাংকারে হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাদের নৌবাহিনী পারস্য উপসাগরে একটি মার্কিন ট্যাংকারে আঘাত হেনেছে। বর্তমানে এটিতে আগুন জ্বলছে।’

আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক-বাণিজ্যিক জাহাজকে এই পথে চলাচল করতে দেওয়া হবে না। উপসাগর থেকে ভারত মহাসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালির উপর তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।

তারা বলেছে, ‘এ ধরনের কোনো জাহাজ দেখা গেলে অবশ্যই তা লক্ষ্য করে আঘাত হানা হবে।’

ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি আরও বলেছে, তারা আগেই জানিয়েছিল যে, আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধের সময়ে হরমুজ প্রণালিতে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের রয়েছে।

ঘটনাটি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (এমটিও) এর আগে জানিয়েছে, আজ সকালে কুয়েত উপকূলে, উত্তর উপসাগরে একটি ট্যাংকারে হামলা করা হয়েছে। এতে বলা হয়েছে, নোঙর করা একটি ট্যাংকারে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে দেখা গেছে একটি ছোট জাহাজ ওই এলাকা ছেড়ে চলে গেছে।

এমটিও বলেছে, ‘একটি কার্গো ট্যাংক থেকে পানিতে তেল আসছে যা পরিবেশগত প্রভাব ফেলতে পারে। তবে অগ্নিকাণ্ডের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্রুরা নিরাপদ এবং সুস্থ আছেন।’

সূত্র: বিবিসি, আলজাজিরা