এবার ইরানকে পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের

এশিয়া পোস্ট ডেস্ক
এবার ইরানকে পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

এবার ইরানকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ট্রাম্প জানান, ইরান যদি তাকে হত্যার চেষ্টা চালায়, তবে দেশটির ওপর তাৎক্ষণিকভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানের দিকে বর্তমানে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রাখা হয়েছে। বিশ্বের বহু প্রান্ত থেকে ইরান সরকার আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে—অর্থাৎ আমাকে—হত্যা করার বা হত্যার চেষ্টা করার যে হুমকি দিয়েছে। তারা যদি সত্যিই তেমন কোনো পদক্ষেপ নেয়, তবে এই ১ হাজারটি ক্ষেপণাস্ত্রের পর তাৎক্ষণিকভাবে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের ওপর আঘাত হানা হবে।’

ইরানের ওপর সর্বাত্মক সামরিক হামলার হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প তার পোস্টে আরও বলেন, ‘এই সংক্রান্ত চূড়ান্ত সামরিক নির্দেশ ইতোমধ্যে মার্কিন বাহিনীকে দেওয়া হয়ে গেছে।’

তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী আগামী এক বছরের জন্য ইরানের সমস্ত এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস ও নির্মূল করার জন্য প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। প্রয়োজনে এই অভিযানের সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন।

এদিকে ইরানের সঙ্গে বিদ্যমান অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি শেষ হয়েছে ঘোষণা দিলেও আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তার এই মন্তব্যের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনার টেবিলে বসছে বলে খবর বেরিয়েছে। আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে পারে এই বৈঠক।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। সূত্রের দাবি, চলমান সংঘাতের মধ্যে আগামী সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন দফায় আলোচনার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকটি সুইজারল্যান্ডে হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক লড়াইয়ের পর আঞ্চলিক মধ্যস্থতাকারীরা উত্তেজনা প্রশমন করতে এবং আলোচনা পুনরায় শুরু করার পরিস্থিতি তৈরি করতে কাজ করছেন।