logo

কেরালার নতুন মুখ্যমন্ত্রীর শপথ নিলেন ভি ডি সতীশন

কেরালার নতুন মুখ্যমন্ত্রীর শপথ নিলেন ভি ডি সতীশন
ভি ডি সতীশন। ছবি: সংগৃহীত

কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভি ডি সতীশন। সোমবার (১৮ মে) রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার কংগ্রেস পরিষদীয় দলের এই নেতাকে মুখ্যমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করান। সতীশনের মুখ্যমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ১০ বছর কেরালা রাজ্যে ইউডিএফ ক্ষমতায় প্রত্যাবর্তন করল।

মুখ্যমন্ত্রী সতীশন ছাড়া আরও ২০ জন মন্ত্রী এ দিন শপথ নেবেন। কেরালার বিরোধী দলনেতা ও সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিজেপি বিধায়ক রাজীব চন্দ্রশেখর, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কর্নাটকের ডেপুটি চিফ মিনিস্টার ডিকে শিবকুমার, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে।

কেরালায় মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন কংগ্রেসের কেসি বেণুগোপাল ও রমেশ চেন্নিথালা। তারাও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে কেরালার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কংগ্রেস কর্মী রাজ্যের রাজধানীতে এসে সমবেত হন।

ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ১৪০ সদস্যবিশিষ্ট বিধানসভার নির্বাচন গত ৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ ১০২টি আসনে জয়লাভ করে ৷ অন্যদিকে এলডিএফ ৩৫টি এবং বিজেপি ৩টি আসনে জয়ী হয়।

কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন—এ নিয়ে দীর্ঘদিনের আলোচনা, অনিশ্চয়তা এবং রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটে ১৪ মে। কংগ্রেস হাইকমান্ড আনুষ্ঠানিকভাবে ভি ডি সতীশনকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে। রাজনৈতিক পর্যবেক্ষকরা এই সিদ্ধান্তকে দলের অভ্যন্তরীণ প্রথাগত গোষ্ঠী-রাজনীতির ঊর্ধ্বে উঠে তার প্রশাসনিক দক্ষতা ও জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে দেখছেন।

বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার ভেতরে ও বাইরে সতীশনের লড়াই হাইকমান্ডের কাছ থেকে তাকে বিশেষ প্রশংসা এনে দিয়েছে। সুনির্দিষ্ট তথ্য ও যুক্তি দিয়ে সরকারকে কোণঠাসা করার তার নিজস্ব শৈলী কেরালার তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে জনগণের কাছ থেকে পাওয়া এই বিপুল সমর্থন তার সবচেয়ে বড় শক্তি হিসেবে প্রমাণিত হয়েছে।