logo

সীমান্ত সংঘাতে ৮ আফগান ও ২ পাকিস্তানি সেনা নিহত

সীমান্ত সংঘাতে ৮ আফগান ও ২ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘাতে কমপক্ষে আট আফগান ও দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।

আফগান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন, চার ঘণ্টাব্যাপী চলা যুদ্ধ স্থানীয় সময় মধ্যরাতে থামে।

দুই প্রতিবেশী দেশের কর্মকর্তাদের মতে, বৃহস্পতিবার আফগানিস্তানের ‘প্রতিশোধমূলক অভিযান’ শুরু করার পর কমপক্ষে আট আফগান সেনা এবং দুজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

সামাজিকমাধ্যম এক্সে এক বিবৃতিতে হামদুল্লাহ ফিতরাত বলেন, সংঘাতে আটজন আফগান সেনা নিহত হয়েছেন। এ ছাড়া ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, সংঘর্ষে তাদের দুই সেনা নিহত হয়েছেন। অন্যদিকে আরেকজন পাকিস্তানি কর্মকর্তা দাবি করেছেন, পাকিস্তানের হামলায় ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশি গণমাধ্যমের মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, ১২০ জনেরও বেশি আফগান আহত হয়েছেন। তার দাবি—পাকিস্তানের হামলায় ১৬টি আফগান সামরিক চৌকি ধ্বংস হয়েছে। এ ছাড়া সাতটি আফগান সামরিক চৌকি দখল করেছে পাকিস্তান।

পাকিস্তানি নিরাপত্তা সূত্র আনাদোলুর কাছে এক বিবৃতিতে বলেছে, আফগান আগ্রাসনের জবাবে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কাবুল, কান্দাহার, পাকতিয়া এবং নাঙ্গাহার প্রদেশে এ বিমান হামলা চালানো হয়।