logo

হামলায় খামেনির কন্যা-নাতি নিহত, দাবি ইরানি গণমাধ্যমের

হামলায় খামেনির কন্যা-নাতি নিহত, দাবি ইরানি গণমাধ্যমের

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কন্যা ও এক নাতি-নাতনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স ইরানি সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

এর আগে একই সূত্রে জানানো হয়, বিমান হামলায় খামেনির জামাতা ও পুত্রবধূও নিহত হয়েছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনির নিজস্ব অবস্থান বা জীবিত থাকা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তেহরান। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা তার মৃত্যুর দাবি করেছেন।

মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের কৌশলগত সামরিক অবকাঠামো। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও আশপাশের এলাকায় একাধিক স্থানে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত ও স্বাধীন কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।